
শেষ আপডেট: 11 August 2023 09:26
দ্য ওয়াল ব্যুরো: স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ দায়ের (murder case filed) করলেন স্বপ্নদীপের বাবা রামপ্রসাদ কুণ্ডু। যাদবপুর থানায় ৩০২ ধারায় খুনের মামলা দায়ের হল একাধিকজনের বিরুদ্ধে। পুলিশসূত্রে জানা গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের আবাসিক ১০ থেকে ১২ জন ছাত্রকে তুলে নিয়ে গিয়ে জেরা চলছে। তবে তদন্ত এখনও একেবারেই প্রাথমিক পর্যায়ে বলে জানিয়েছে পুলিশ (Jadavpur incident)।
রবিবার ছেলেকে হস্টেলে রেখে গিয়েছিলেন স্বপ্নদীপের বাবা রামপ্রসাদ কুণ্ডু ও মা স্বপ্না কুণ্ডু। হাসিখুশি মুখে বাবা-মার সঙ্গে হাঁসখালি থেকে যাদবপুরে পড়তে এসেছিলেন স্বপ্নদীপ। চোখে স্বপ্ন ছিল কিছু করে দেখানোর। কিন্তু মাত্র তিনদিনেই সেই স্বপ্নদীপ হস্টেল বিল্ডিং থেকে পড়ে শেষ হয়ে গেল। ছেলের মৃত্যুর খবর পেয়ে বুধবারই ছুটে আসেন রামপ্রসাদ-স্বপ্না। অশ্রুভরা চোখে শুধুই স্বপ্নদীপকে খুঁজেছেন বন্ধুদের ভিড়ে।
ঘটনার পর থেকে তাঁর সহপাঠীদের একাংশই অভিযোগ করেন, র্যাগিংয়ের শিকার হয়েছেন স্বপ্নদীপ। একই অভিযোগ এনেছেন তাঁর বাবা-মাও। বুধবার ঘটনার আগে উদ্ভ্রান্ত স্বপ্নদীপ নাকি বারবার ফোনে বলছিল, ‘চাপে আছি, খুব ভয় করছে। তোমরা এসে আমাকে বাঁচাও।’ রাত ন’টা থেকে সাড়ে ন’টা পর্যন্ত বার কয়েক বাবা-মার কাছে ফোন এসেছিল স্বপ্নদীপের। সেটাই শেষ। তারপরে আর স্বপ্নদীপের গলা শুনতে পাননি তাঁরা। ফোন এসেছিল কর্তৃপক্ষের। জানানো হয়েছিল অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাঁসখালি থেকে যাদবপুরে (Jadavpur incident) এসে তাঁরা জানতে পারেন দোতলার বারান্দা থেকে পড়ে গিয়েছে আহত হয়েছে সে। আর ছেলের সঙ্গে দেখা হয়নি তাঁদের।
আরও পড়ুন: স্বপ্নদীপ মৃত্যুরহস্য: উদ্ভ্রান্ত আচরণ, ‘সমকামী নই’ বলে চিৎকার! মৃত্যুর ঠিক আগে কী ঘটেছিল