
শেষ আপডেট: 18 March 2023 07:32
দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছু দিন ধরেই স্নায়ুর সমস্যায় ভুগছিলেন প্রবীণ নেতা মুকুল রায় (Mukul Roy)। এবার তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে মুকুলের। জানা গিয়েছে, মুকুলের মস্তিষ্কে জল জমেছিল। অস্ত্রোপচার করে তা বের করা হয়েছে। তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, মুকুলের মাথায় একটি চিপ বসানো হয়েছে। তারপর তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। হাসপাতাল সূত্রে অবশ্য চিপ বসানোর বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। স্নায়ু রোগীদের মস্তিষ্কে চিপ বসানো নতুন নয়। এর আগে সিপিএম নেতা গৌতম দেবের ক্ষেত্রেও তা হয়েছিল। গৌতমবাবুর অবশ্য অস্ত্রোপচার হয়েছিল দক্ষিণ ভারতে।
গত ফেব্রুয়ারিতে স্নায়ু সমস্যা নিয়ে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন মুকুল। সেই সময়ে তাঁর বেশ কয়েকটি পরীক্ষাও হয়েছিল। তারপর অস্ত্রোপচার হল মস্তিষ্কে।
২০২১ সালের জুলাই মাসে স্ত্রী কৃষ্ণা রায় মারা যাওয়ার পর থেকেই মানসিক ভাবে বেশ ভেঙে পড়েছিলেন মুকুল রায়। শারীরিক ভাবেও ভাঙন শুরু তখন থেকেই। তাঁর ঘনিষ্ঠরা বলতেন, স্ত্রী বিয়োগের পর মুকুলবাবুর মন-মাথা ঠিক ছিল না। ফলে অনেক সময়েই কথাবার্তাতেও সংলগ্নতা থাকত না।
ওই বছরেই কৃষ্ণনগরে গিয়ে তাঁর মন্তব্য আন্দোলিত করেছিল রাজ্য রাজনীতিকে। মুকুল রায়কে সে সময়ে প্রশ্ন করা হয়েছিল, কৃষ্ণনগরে উপনির্বাচন হলে কী হবে? জবাবে বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরা এই পোড় খাওয়া নেতা বলেছিলেন, ‘আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে পারি। এখানে বিজেপি জিতবে। তৃণমূলকে পর্যুদস্ত করে ভারতীয় জনতা পার্টি তার নিজস্ব শক্তিতে প্রতিষ্ঠিত হবে।’
তারপর একদিন বিধানসভাতেও মুকুলবাবুর কথার মধ্যে অসংলগ্নতা স্পষ্ট হয়েছিল। তিনি বলেছিলেন, আমায় বিজেপির মতো প্রশ্ন করলে বিজেপির মতো বলব, তৃণমূলের মতো প্রশ্ন করলে তৃণমূলের মতো বলব। সেই সময়ে বিজেপির অনেকে বলেছিলেন, উপনির্বাচন এড়াতে মুকুল রায় আসলে এসব ফন্দি এঁটে বলছেন। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ-ও বলেছিলেন, মুকুল রায়কে অসুস্থ সাজিয়ে রেখেছে তৃণমূল।
এমনকী একবার বীরভূমে গিয়ে অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে মুকুল বলেছিলেন, ‘তৃণমূল মানেই তো বিজেপি!’ যা শুনে অনুব্রত পরে বলেছিলেন, ‘মুকুলদাটা কেমন যেন হয়ে গেছেন। যে লোকটাকে দেখেছে গোটা বাংলার সংগঠন সামলাচ্ছেন সেই লোকটা কেমন নড়বড়ে হয়ে গেলেন!’
মমতার বৈঠকে মোবাইল নিয়ে ঢুকে ধমক খেলেন তিন নেতা, কীভাবে জানলেন দিদি