
শেষ আপডেট: 24 June 2023 09:50
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। অবশেষে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। রাজ্যের সমস্ত জেলাতেই আজ শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (weather report)। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ খানিক কমলেও দক্ষিণের জেলাগুলিতে ক্রমশই বাড়বে বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস (heavy rain forecast)।
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবে শনি ও রবিবার রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা। মৌসুমী বায়ুর প্রভাবে ইতিমধ্যেই রাজ্যজুড়ে তাপমাত্রা আগের তুলনায় অনেকটাই কমেছে। তার মধ্যেই ঘূর্ণাবর্ত দোসর হওয়াতে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও প্রায় ২ ডিগ্রির কাছাকাছি কমবে।
এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে আগামী ২৪ ঘণ্টায়। তা হলে উপকূলবর্তী জেলাগুলি সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে ক্রমশ। কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও রবিবার পর্যন্ত বৃষ্টি বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শনিবার থেকে একটু কমলেও হালকা বৃষ্টি দিনভরই জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যজুড়েই বৃষ্টির পাশাপাশি বজ্রপাত বাড়বে ক্রমশ। ইতিমধ্যেই বজ্রপাতের কারণে প্রাণ গেছে মালদহ, মুর্শিদাবাদের বেশ কিছু জনের। সেই কারণেই আবহাওয়া দফতর থেকে সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে দামিনী অ্যাপ ব্যবহার করে বজ্রপাতের সম্ভাবনা দেখে চলার জন্য।
কলকাতায় শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৪ থেকে ৯৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১১.৩ শতাংশ।
সিপিএমের শিবুর নামে কাঁপত শ্যামনগর, সরকার বদলাতেই বদলে গিয়েছে এই সরকারের পেশা