দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: কারও অ্যাকাউন্টে দেড় হাজার, কারও অ্যাকাউন্টে আবার ঢুকেছে ৪৩ হাজার। হতবাক হয়ে বাড়ি ফিরে গিয়েছেন কেউ। কেউ আবার পরে পাওয়া ১৪ আনা তালুবন্দি করেছেন সঙ্গে সঙ্গে। অজানা উৎস থেকে ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢোকায় গ্রাহকদের পাশাপাশি ধন্দে পড়ে গিয়েছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষও।
সাঁইথিয়া থানার অন্তর্গত ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কুনুরি শাখায় অ্যাকাউন্ট রয়েছে স্থানীয় কুড়ি ও সল্পা গ্রামের বাসিন্দাদের। জানা গিয়েছে, গত মঙ্গলবার থেকে হঠাৎ করে তাঁদের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফারের মাধ্যমে টাকা জমা পড়তে শুরু করে। প্রথমে দু একজন গ্রাহক দেখেন পাস বইয়ে বাড়তি টাকা রয়েছে তাঁদের অ্যাকাউন্টে। এই কথা পাঁচকান হতেই ব্যাঙ্কে এসে ভিড় জমাতে থাকেন অন্যান্য গ্রামবাসীরা। দেখা যায় প্রায় ৭০ জনের অ্যাকাউন্টে জমা পড়েছে নানা অঙ্কের টাকা।
পাছে টাকা ফেরত চলে যায় তাই অনেকেই সঙ্গে সঙ্গে টাকা তুলে নেন। এক গ্রাহক আনিসুর রহমান বলেন, “এই মাসের ২৩ তারিখে আমার অ্যাকাউন্টে ৩২ হাজার টাকা ঢোকে। কে বা কারা দিয়েছে জানি না। ব্যাঙ্ক ম্যানেজারকে জিজ্ঞাসা করি। কিন্তু তিনিও কিছুই বলতে পারেননি। টাকা যদি আবার ফেরত নিয়ে নেয় তাই তুলে চাষের কাজে লাগিয়ে দিয়েছি।”
ব্যাঙ্কের এক আধিকারিক বলেন, “পুরো ঘটনাটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কী ভাবে টাকা এলো তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রামবাসীদের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে আমরা তো তুলতে বাধা দিতে পারি না।”