
শেষ আপডেট: 15 July 2022 13:19
দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচার কাণ্ডে (Coal Scam) শুক্রবার ইডির ডাকে সাড়া দিলেন না রাজ্যের মন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak) এবং তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো। এদিন দিল্লির সদর দফতরে দু'জনকে তলব করা করেছিল ইডি (ED)। কিন্তু চতুর্থবারও হাজিরা এড়ালেন মলয়।
সূত্রের খবর, এদিন সময় পেরিয়ে গেলেও ইডির সদর দফতরে আসেননি মন্ত্রী মলয়। এমনকি বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোও আসেননি। তবে সুশান্ত তদন্তকারী অফিসারদের ইমেল করে জানিয়েছেন যে, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ব্যস্ত থাকায় এদিন যেতে পারেননি তিনি। আরও জানিয়েছেন, প্রয়োজনে কলকাতায় এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন অফিসাররা।
কিন্তু, হাজিরা এড়ানোর বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের কিছুই জানাননি মলয় ঘটক। এর আগে ওই তদন্তকারী সংস্থাটি বেশ কয়েক বার নোটিস দিয়ে তাঁকে দিল্লিতে ডেকে পাঠায়। তাতে একবার সাড়াও দেন মলয়। কিন্তু এদিন হাজিরা দেননি তিনি। তবে সূত্রের খবর, ফের মলয়কে নোটিস পাঠাতে পারে ইডি।
অন্যদিকে, কয়লা পাচার কাণ্ডে ফের ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের এক প্রাক্তন কর্তাকে গ্রেফতার করে সিবিআই (CBI)। গতকাল ইসিএলের (ECL) সাত কর্তাকে গ্রেফতার করেছিল সিবিআই। জানা গেছে, এদিন ইসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার সুভাষ মুখোপাধ্যায়কে গ্রেফতার করে।
সিবিআই সূত্রে খবর, এদিন তাঁকে নিজাম প্যালেসে ডাকা হয়েছিল। তারপরই জিজ্ঞাসাবাদ করা হয়। তবে উত্তরে বেশকিছু অসঙ্গতি থাকায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।
কয়লা কাণ্ডে মন্ত্রী মলয় ঘটককে ফের তলব ইডি-র, ডাকা হল বাঘমুণ্ডির তৃণমূল বিধায়ককেও