
শেষ আপডেট: 19 June 2023 10:40
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: আবারও হাজিরা এড়ালেন মন্ত্রী মলয় ঘটক। জানালেন নির্বাচনের প্রচারে ব্যস্ত, তাই যেতে পারছেন না।
সোমবার দিল্লির ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল মলয় ঘটকের। কয়লা পাচার মামলায় রাজ্যেচর আইনমন্ত্রী, উত্তর আসানসোলের বিধায়ক মলয়বাবুকে দিল্লিতে ইডি দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট। ১৫ দিন আগে হাজিরার নোটিসও পাঠানো হয়েছিল। তারপরেও দিল্লির ইডি দফতরে তাঁকে হাজির করাতে পারল না তদন্তকারী সংস্হা।
মন্ত্রীর পক্ষ থেকে ইডিকে জানানো হয়েছে সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তাই প্রচারের কাজে ব্যস্ত রয়েছেন তিনি। জেলায় জেলায় ঘুরতে হচ্ছে তাঁকে। তাই এই মুহূর্তে দিল্লিতে গিয়ে তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। চলতি মাসের ৫ তারিখেও মলয় ঘটককে দিল্লিতে ইডি-র দফতরে হাজিরার নোটিস পাঠানো হয়েছিল। সেই হাজিরাও এড়িয়ে যান তিনি।
ইডি সুত্রে খবর এর আগে পরপর দু-বার ইডির পাঠানো ই-মেলের কোনও উত্তর দেননি মলয়বাবু। তৃতীয়বার ইডির মেল পাওয়ার পর সোমবার জিজ্ঞাসাবাদের জন্য ইডিকে সময় দিয়েছিলেন তিনি। কিন্তু এদিন তিনি জানান, নির্বাচনের প্রচারের কাজে মুর্শিদাবাদে রয়েছেন। তাই যাওয়া সম্ভব হচ্ছে না। তবে পরবর্তী সময়ে ইডির তদন্তে সমস্ত রকমের সহযোগিতা করবেন বলেও এদিন জানিয়েছেন মলয়বাবু।
মলয় ঘটকের হাজিরা নিয়ে এদিন সকাল থেকেই তাঁর বাসস্হান আসানসোলে ছিল চাপা গুঞ্জন। শেষ পর্যন্ত তিনি হাজিরা এড়িয়ে যাওয়ায় এরপরে ইডি কোন পথে হাঁটবে সেটাই এখন তাঁর শহরের জল্পনার বিষয়।
মলয় ঘটক কি আজ দিল্লিতে হাজিরা দিচ্ছেন? পঞ্চায়েত ভোটের মধ্যেই কৌতূহল