দ্য ওয়াল ব্যুরো: বুধবার বাংলায় আসছেন অমিত শাহ। তার আগে কয়েক মিনিটের জন্য বাংলার মাটিতে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানে শিলিগুড়ির পুলিশ সুপার ও দার্জিলিংয়ের জেলাশাসকের সঙ্গে 'বেশিক্ষণ' কথা নিয়ে উত্তরবঙ্গের রাজনীতিতে জল্পনা তুঙ্গে।
এদিন বিহারের নির্বাচনী প্রচারে আরারিয়া গিয়েছিলেন মোদী। তার আগে তাঁর বিশেষ বিমান নামে বাগডোগরায়। প্রোটোকল অনুযায়ী বিমানবন্দরে উপস্থিত ছিলেন শিলিগুড়ির সিপি ত্রিপুরারি অথর্ব এবং দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নবল্লম।
রাজ্যের মন্ত্রী গৌতম দেবও উপস্থিত ছিলেন বাগডোগরা বিমানবন্দরে। কিন্তু তাঁর অনুযোগ, পরিচয় দেওয়ার পরও প্রধানমন্ত্রী দার্জিলিংয়ের ডিএম এবং শিলিগুড়ির পুলিশ কমিশনারের সঙ্গে বেশিক্ষণ কথা বলেছেন।
যদিও গতকাল রাতেই দার্জিলিংয়ের এসপি বদল করেছে নবান্ন। এস পুন্নবল্লমের জায়গায় আসছেন শশাঙ্ক শেঠী।
যেদিন মোদী বাগডোগরায় পা রাখলেন সেদিনটি উত্তরবঙ্গ বিশেষত পাহাড়ের রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত তাত্পর্যপূর্ণ। এক,একদিকে এদিনই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিনয় তামাং,অনিত থাপা। অন্য দিকে পাহাড়ে বিমল গুরুং এবং বিনয় তামাং গোষ্ঠীর মিছিলে উত্তাল পাহাড়। এর মধ্যেই উত্তরবঙ্গে রয়েছেন রাজ্যপালের জগদীপ ধনকড়।