
শেষ আপডেট: 25 February 2023 09:40
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্র-রাজ্য সংঘাত নতুন নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অভিযোগ, প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র। তাই ইচ্ছে থাকলেও উন্নয়ন আটকে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গেছে, 'কেন্দ্র টাকা দিচ্ছে না, রাজ্যের সামান্য পুঁজিতে কাজ চলছে।' এমন আবহে ফের দিল্লি থেকে টাকা আসছে! এবার শিক্ষাখাতে (Education Sector) বড় অঙ্ক বাংলার জন্য অনুমোদন করেছে মোদী সরকার (Modi Government)।
শিক্ষা দফতর সুত্রে খবর, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য সমগ্র শিক্ষা মিশনে (Samagra Siksha Mission) ২ হাজার ৬৫০ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য আলাদা করে ২৪৮ কোটি টাকা বরাদ্দ করেছে মোদী সরকার।
কবে আসবে সেই টাকা? সূত্রের খবর, আগামী জুন মাসের মধ্যেই বরাদ্দ টাকার প্রথম কিস্তি এসে পৌঁছবে বাংলায়। এর আগে গত বছর নভেম্বর মাসেও শিক্ষা সমগ্র মিশনের অধীনে বাংলাকে ৯৫০ কোটি টাকা দিয়েছিল কেন্দ্র। ফের একবার সেই খাতেই টাকা পাঠাচ্ছে দিল্লি। শিক্ষা দফতর সূত্রের খবর, এই অনুমোদন সংক্রান্ত চিঠি শনিবারই এসেছে রাজ্যের হাতে।
দিল্লির এই বরাদ্দ ঘোষণা নিয়ে কি খুশি হতে পারবে বঙ্গ বিজেপি? অনেকেই মনে করছেন, শুভেন্দু অধিকারীদের কাছে এটা মোটেই সুখকর বিষয় নয়। নিয়োগ দুর্নীতি সামনে আসার পরই সেটাকে হাতিয়ার করে কেন্দ্রকে চিঠি লিখে টাকা না দেওয়ার আর্জি জানিয়েছিলেন বলে দাবি করেন অনেক বিজেপি নেতাই। বিরোধী দলনেতা তো প্রকাশ্যেই বলেছিলেন এই চিঠি দেওয়ার কথা। তা নিয়ে মমতাও নাম না নিয়ে পাল্টা সমালোচনা করে বলেছিলেন, 'কেউ কেউ বাংলার খেয়ে বাংলারই সমালোচনা করেন।'
সেই নিয়ে দুই শিবিরের চাপানউতোর চলছেই। অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। কিন্তু সেই আবহের মধ্যেই বিগত কয়েকদিনে বেশ কয়েকটি খাতে মমতা সরকারকে টাকা পাঠিয়েছে দিল্লি।
বাংলায় জিএসটিতে সবচেয়ে বড় কারচুপি, ৪৫২ কোটি টাকা হাতানোয় গ্রেফতার হাওড়ার ফড়ে