
শেষ আপডেট: 12 July 2023 13:53
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার থেকে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) গণনা শুরু হয়, বুধবার গড়িয়ে যায় গণনা শেষ হতে হতে। বুধবার বিকেলে দেখা গেল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) বিজ্ঞপ্তি জারি করে নির্বাচনী আদর্শ আচরণ বিধি (Model Code of Conduct) তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল। কমিশন জানাল, পঞ্চায়েত নির্বাচন শেষ। তাই নির্বাচনী আদর্শ আচরণ বিধি আর লাগু থাকছে না।
গত ৮ জুন পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন। আর তারপর থেকেই রাজ্যে নিয়ম অনুযায়ী লাগু হয়ে যায় নির্বাচনী আদর্শ আচরণ বিধি। ভোট শেষ না হওয়া পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকে। প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থী থেকে শুরু করে সবাইকেই তা মেনে চলতে হয় সেই বিধি।
তাই নির্বাচনী আদর্শ আচরণ বিধি তুলে নেওয়া হচ্ছে। কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। তাদের বক্তব্য, এখনও অনেক জয়ী প্রার্থী সার্টিফিকেট হাতে পায়নি। কমিশনের ওয়েবসাইটেও চূড়ান্ত ভোটের ফলাফল আপলোড করা হয়নি। তা হলে কীভাবে কমিশন নির্বাচনী আদর্শ আচরণ বিধি তুলে নিতে পারে?
কমিশনের বিজ্ঞপ্তি নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'এখনও পর্যন্ত নির্বাচন কমিশন ওয়েবসাইটে চূড়ান্ত ভোটের ফল প্রকাশ করেনি। অনেক জয়ী প্রার্থী সার্টিফিকেট পায়নি। তারমধ্যে কীভাবে কমিশন মডেল কোড অফ কন্ডাক্ট তুলে নিল? এটা সম্পূর্ণ বেআইনি।' সুজন আরও বলেন, 'এভাবে মডেল কোড অফ কন্ডাক্ট তুলে নেওয়া যায় না। কমিশন নিজেদের নিয়ম নিজেরাই ভাঙছে। এত কারচুপি করেছে, যে মাথা কাজ করছে না।'
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বলেন, 'রাজ্য সরকার যা বলছে কমিশন তাই করছে। রাজ্য নির্বাচন কমিশন প্রথম থেকেই কোনও নিয়ম মানেনি। তাই কমিশন যে এভাবে কোড অফ কন্ডাক্ট তুলে নিল তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই।'
যদিও বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছে কমিশন। কমিশনের দাবি, নিয়ম মেনেই নির্বাচনী আদর্শ আচরণ বিধি তুলে নেওয়া হয়েছে। নিয়মের বাইরে কিছু করা হয়নি। কমিশন আরও জানিয়েছে, গণনা শেষ হয়েছে। তাই নিয়ম অনুযায়ী মডেল কোড অফ কন্ডাক্ট তুলে নেওয়া হয়েছে।