
শেষ আপডেট: 26 April 2023 07:42
দ্য ওয়াল ব্যুরো: কুড়মিদের ডাকা বনধের (Kurmi Bandh) জেরে ব্যাহত জঙ্গলমহলের (Jangalmahal) জনজীবন। বুধবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের হাতিয়ারে কেশিয়াড়ি-খড়্গপুর রাজ্য সড়ক অবরোধ করেন বনধ সমর্থনকারীরা। এরফলে সমস্যায় পড়েন ওই রাস্তায় যাতায়াতকারী সাধারণ মানুষ।
আন্দোলনের প্রভাব পড়ে মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডেও। এই সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন প্রায় ৩০০ বাস যাতায়াত করে। এদিন সকাল থেকে দুশোর উপর বাসই বন্ধ রয়েছে বলেই জানিয়েছেন বাসস্ট্যান্ডের কর্মীরা। তার ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা। কুড়মিদের ডাকা হুড়কা জ্যামের ব্যাপক প্রভাব পড়েছে একদা মাওবাদী অধ্যুষিত পিড়াকাটায়। সকাল থেকেই বন্ধ দোকানপাট। রাস্তাঘাট শুনশান। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। বনধে প্রভাব পড়ল শালবনির শিল্পাঞ্চল এলাকাতেও। অভিযোগ, একরকম জোর করে বন্ধ করে দেওয়া হয় শালবনির থানা সংলগ্ন বাজার।
কুড়মি সমাজের তরফে এদিন দাবি করা হয়েছে, দীর্ঘ ৭ বছর হয়ে গেল, রাজ্য সরকার সিআরআই রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠায়নি। গত ৭৩ বছরের যন্ত্রণা থেকে মুক্তি পেতে তাই আন্দোলন ছাড়া দ্বিতীয় কোনও পথ খোলা নেই। ধারাবাহিক রেল রোকো, পথ অবরোধের পর সমস্যা সমাধানের জন্য সম্প্রতি নবান্নে কুড়মি সমাজের প্রতিনিধিদের ডাকা হয়। কিন্তু আলোচনার নামে ঐ প্রতিনিধিদের সঙ্গে 'দুর্ব্যবহার' করা হয় বলে অভিযোগ। তারই প্রতিবাদে সকাল ছ'টা থেকে সন্ধ্যা ছ'টা পর্যন্ত এই বনধের ডাক দেওয়া হয়েছে।
এই বনধের জেরে বুধবার সকাল থেকে বাঁকুড়ার জঙ্গলমহলের স্বাভাবিক জনজীবন ব্যাহত। সরকারি-বেসরকারি যানবাহন রাস্তায় নামেনি। সিমলাপালের বিক্রমপুর এলাকা সহ একাধিক জায়গায় দোকানপাট বন্ধ। একই সঙ্গে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর বিক্রমপুর মোড়ে পথ অবরোধ করেছেন ওই সংগঠনের সদস্যরা।
বনধকে সফল করতে পুরুলিয়া শহরের রাস্তাতেও কুড়মি সম্প্রদায়ের মানুষের মিছিল। নিজেদের দাবির সমর্থনে ব্যানার পোস্টার হাতে নিয়ে মিছিলে হাঁটেন কুড়মি সম্প্রদায়ের মানুষ। অপরদিকে বরাবাজার ব্লকের সিন্দরি মোড়, আড়ষা-সহ বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করেন কুড়মিরা। বেসরকারি বাস রাস্তায় নামেনি, তবে সরকারি বাস চলছে। যানবাহন চলাচল স্বাভাবিক না হওয়ায় সকাল থেকেই নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। শহরের দোকানপাট আংশিক খোলা।
মদ খেয়ে ঘুমের ঘোরে গায়ে পা তুলে দিয়েছিল, পাথর মেরে মাথা থেঁতলে দিল বন্ধু