
শেষ আপডেট: 23 July 2023 09:03
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: মিনাখাঁ থেকে দলের সঙ্গীদের সঙ্গে কলকাতায় একুশে জুলাইয়ের (21 July) সমাবেশে যোগ দিয়েছিলেন। সঙ্গীরা বাড়ি ফিরলেও তিনি বাড়ি ফেরেননি। গত দুদিন ধরে নিখোঁজ তৃণমূলকর্মী (Missing TMC Worker) আবু তালেব মোল্লাকে নিয়ে উদ্বিগ্ন তাঁর পরিবার।
মিনাখাঁ গ্রাম পঞ্চায়েতের নলফা এলাকার বাসিন্দা ৫০ বছরের আবু তালেব গত শুক্রবার কলকাতায় আসেন। দলের বেশ কয়েকজন কর্মীও তাঁর সঙ্গেই ছিলেন।
সমাবেশের পর আদৌ আবু তালেব কোথায় গেছেন তা নিয়ে বিচলিত হয়ে রয়েছে পরিবারের সদস্যরা। তিনি নিখোঁজ হলেন নাকি রাস্তা ভুল করে অন্য কোথাও চলে গেলেন সেই নিয়ে সংশয়ে রয়েছেন তাঁরা। ওই ব্যক্তি বাড়ি না ফেরায় আত্মীয়রা মিনাখাঁ থানার দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু কলকাতা থেকে নিখোঁজ হওয়ায় মিনাখাঁ থানার পুলিশ পরিবারকে কলকাতার পার্কসার্কাস থানায় অভিযোগ দায়ের করতে বলেছে।
সব মিলিয়ে আবু তালেবের পরিবারের সদস্যরা যথেষ্ট চিন্তিত। তাঁরা চাইছেন, পরিবারের সদস্য সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসুক। যেসব তৃণমূল দলীয় কর্মীদের সঙ্গে আবু সমাবেশে গিয়েছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে পরিবার যোগাযোগ রাখছে।
রাস্তা সারাইয়ের দাবিতে পথে নামলেন গ্রামের মহিলারা, দেখুন ভিডিও