দ্য ওয়াল ব্যুরো: এ যেন বলিউডি সিনেমার দৃশ্য! দুই গোষ্ঠীর গুলির লড়াইয়ে তুমুল উত্তেজনা ছড়াল আনন্দপুরে। গুলিতে জখম হয়েছেন দুজন। তাঁদের ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, শুক্রবার সন্ধের একটু আগে আনন্দপুরের একটি নির্মীয়মাণ বহুতলের ছাদ থেকে গুলি চালায় একদল দুষ্কৃতী। স্থানীয় সূত্রে খবর, প্রোমোটিং ও এলাকা দখল নিয়েই এই ঘটনা ঘটেছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
যে দুজন গুলিতে জখম হয়েছেন তাঁদের একজনের কানে ও একজনের পায়ে গুলি লেগেছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দুই গোষ্ঠীই শাসকদলের ছত্রচ্ছায়ায় থাকা সমাজবিরোধী।
এই গোলাগুলির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের বক্তব্য, এখন যা অবস্থা তাতে তো বাড়ির বাইরে বেরোনো মানে জীবনের সংকট। অনেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন।