
শেষ আপডেট: 18 October 2024 19:55
দ্য ওয়াল ব্য়ুরো, উত্তর দিনাজপুর: পিসির বাড়িতে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হল এক নাবালিকা। এই ঘটনায় জড়িত সন্দেহে এক আত্মীয়কে গ্রেফতার করল চোপড়া থানার পুলিশ। অভিযুক্ত নাবালিকার পিসোমশাই। 'নির্যাতিতা'র বাবা-মা অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করে।
পুরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৬ অক্টোবর পিসির বাড়িতে ঘুরতে গিয়েছিল চোপড়া থানার এলাকার বাসিন্দা ওই কিশোরী। পরের দিন তাকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে বাড়ির ২ কিলোমিটার দূরে একটি চা বাগানে নিয়ে যায় তার পিসোমশাই। অভিযোগ, সেখানেই তার হাত-পা বেঁধে, মুখে কাপড় গুঁজে ধর্ষণ করে। এমনকী এই কথা যাতে সে বাড়ির কাউকে না জানায়, তাই তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত। তাই পিসোমশাইয়ের সঙ্গে বাড়ি ফিরেও ভয়ে কাউকে ঘটনার কথা জানানি ওই কিশোরী। এঘটনার বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। মেয়েকে অসুস্থ থাকতে দেখে বাবা-মা উদ্বিগ্ন হয়ে পড়েন। অবশেষে ওই পরিবারের সদস্যদের কাছে পিসোমশাইয়ের 'কুর্কীতি' ফাঁস করে দেয়। এরপরেই কিশোরীর পরিবারের তরফ থেকে অভিযুক্ত পিসোমশাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।
কিশোরীর বাবার কথায়, "মেয়ে নিমন্ত্রণ খেতে বোনের বাড়িতে গিয়েছিল। তখনই ভগ্নিপতি তাকে চা বাগানে ঘুরতে নিয়ে গিয়েছিল। সেখানেই সে মেয়েকে ধর্ষণ করে। মেয়ে ভয়ে পেয়েছিল। তাই বাড়িতে কিছু বলেনি। পিসির বাড়ি থেকে ফিরে চুপচাপ হয়ে গিয়েছিল সে। অসুস্থ হয়ে পড়েছিল। ওর আচরণে আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম। অনেক জিজ্ঞেস করার পরে বুধবার মেয়ে মুখ খোলে। তারপর মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। তার পরেই ভগ্নিপতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করি। ওর শাস্তি হোক এটাই আমরা চাই।"
'নির্যাতিতা'র মায়ের কথায়, "আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি চাই ননদের বরের উপযুক্ত শাস্তি হোক।" বিষয়টি নিয়ে ইসলামপুরের পুলিশ সুপার জবি থমাস জানিয়েছেন, ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।