
শেষ আপডেট: 2 May 2022 05:53
দ্য ওয়াল ব্যুরো: ফের রাজ্যে নাবালিকাকে যৌন হেনস্থা (Sexual Harassment) করার অভিযোগ উঠল। উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় (Minakha) ঘটেছে ঘটনাটি। এলাকার বছর পনেরোর নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।
জানা গিয়েছে, যৌন হেনস্থার শিকার হওয়া নাবালিকাটি একজন প্রতিবন্ধী। মূক ও বধির এই নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন চালাচ্ছিল ওই যুবক। রবিবার রাতে ঘটনাটি জানাজানি হতেই, নাবালিকার পরিবারের লোকজন ওই যুবকের নামে থানায় অভিযোগ দায়ের করেন।
কিন্তু, অভিযুক্ত যুবকটি পলাতক। খোঁজ চালাচ্ছে পুলিশ। খবর, মিনাখাঁর (Minakha) চাপালি ঘোষপাড়া এলাকায় থাকে ওই নাবালিকা। নির্যাতিতার পরিবারের অভিযোগ, মেয়ে মূক ও বধির হওয়ায় সেই সুযোগে তার ওপর যৌন নির্যাতন চালিয়েছিল অভিযুক্ত। পরিবারের তরফে, অভিযুক্তের কঠিনতম শাস্তির দাবি করা হচ্ছে। পুলিশ নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করানোর জন্য হাসপাতালে পাঠিয়েছে।
এর আগে এই মিনাখাঁতেই গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছিল। শুধু তাই নয়, বসিরহাটের মাটিয়াতেও এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছিল।
অণ্ডালে গোঁত্তা খাওয়া বিমানের ভিতরের দৃশ্য ভয়াবহ, দেখুন ভিডিও