
শেষ আপডেট: 12 May 2023 15:28
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকছিল দেড় কোটি টাকার সোনা (Gold Smuggling) ! তার আগেই সোনা সমেত বিএসএফের (BSF) হাতে ধরা পড়ে গেল পাচারকারী। ওই পাচারকারীর কাছ থেকে বিএসএফ প্রায় ২৫টি সোনার বিস্কুট পেয়েছে। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লক্ষ বলেই জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে বনগাঁর সীমান্ত গ্রাম মধুপুরে।
বাংলার সীমান্তে চোরাচালান রুখতে তৎপর বিএসএফ। উত্তর ২৪ পরগনার মধুপুর গ্রামটি সীমান্তে অবস্থিত। সেখানেই রয়েছে বিএসএফের একটি চেকপোস্ট। গোপন সূত্র থেকে বিএসএফ জওয়ানরা জানতে পারে এক চোরাকারবারী বিপুল টাকার সোনা নিয়ে ভারতে ঢুকতে চলেছে। তাই পাচারকারীকে ধরতে ফাঁদ পেতে রেখেছিল জওয়ানরা। চেকপোস্টের কাছেই ওঁৎ পেতে বসেছিল তারা। সীমান্ত পেরিয়ে ওই পাচারকারী ভারতে ঢোকার চেষ্টা করলে জওয়ানরা তাকে আটক করে। এরপর তল্লাশি চালাতেই পাচারকারীর কোমরে বাঁধা একটি কাপড় থেকে ২৫ টি সোনার বিস্কুট পাওয়া যায়। বিএসএফ সূত্রে খবর, ওই পাচারকারীর নাম আমির মণ্ডল। সে ভারতীয়। উত্তর ২৪ পরগনায় তার বাড়ি।
জেরার মুখে পড়ে আমির জানায়, সে চাঁদপুর গ্রামের আশাদুল মণ্ডলের কাছে সোনা নিয়ে গাদাপোতা গ্রামের বাসিন্দা পরেশের হাতে তুলে দিতে যাচ্ছিল। এই কাজের জন্য সে তিন হাজার টাকা পেয়েছে। আপাতত আমিরকে বনগাঁ থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।