
শেষ আপডেট: 10 January 2023 09:21
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: রাঁধুনিদের নিজেদের মধ্যে তুমুল ঝগড়ায় ছোড়াছুড়ি হল মিডডে মিলের ( Midday Meal Cooking Chaos ) ভাতের ফ্যান! মঙ্গলবার সাতসকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের (Murshidabad ) ভগবানগোলা ২ ব্লকে।
সেখানে রয়েছে নসিপুর উচ্চ বিদ্যালয়। সকালে তখন স্কুল শুরু হয়েছে। পড়ুয়ারা স্কুলে ঢুকছে। সেই সময় স্কুলের রান্না ঘরে রাঁধুনিদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। এরপরেই একে অপরের দিকে গরম জল, ভাতের ফ্যান ছুড়তে থাকেন। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে।
স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে, বেশ কয়েকটি গোষ্ঠীর উপর ওই স্কুলের মিড-ডে মিল রান্নার দায়িত্ব রয়েছে। সকলকে সুযোগ দেওয়ার জন্য তাই এক একটি গোষ্ঠীর জন্য রয়েছে নির্দিষ্ট সময়সূচি।
অভিযোগ, সেই নিয়ম না মেনেই একটি গোষ্ঠীর মহিলারা বেশ কয়েকদিন ধরে স্থায়ীভাবে মিড-ডে মিল রেঁধে চলেছেন। বাকিদের সুযোগ দিচ্ছেন না। মঙ্গলবার কয়েকজন মহিলা রান্না করতে গিয়েছিলেন। সেই সময় রান্না শুরু করে দিয়েছিলেন অপর গোষ্ঠীর মহিলারা। বঞ্চিত গোষ্ঠীর মহিলারা রান্না করতে চাইলে, দুই গোষ্ঠীর মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। ঝগড়া বাড়তে বাড়তে এক গোষ্ঠী অপর গোষ্ঠীর মহিলার উপর গরম জল, ভাতের ফ্যান ছুড়তে থাকেন।
সেলিনা বিবি নামে এক মহিলার অভিযোগ, তাঁরাও এই স্কুলে রাঁধুনির কাজ করেন। কিন্তু এক গোষ্ঠী স্থায়ীভাবে কাজ করেই চলেছে। তাঁদের কাজের সুযোগ দিচ্ছে না। মিলে মিশে কাজ করার প্রস্তাব দিতে অপর গোষ্ঠীর মহিলারা তাঁদের দিকে তেড়ে আসেন। গরম জল, ফ্যান, ভাত ছুড়তে থাকেন। সেলিনার দাবি স্কুল কর্তৃপক্ষ সকলকেই সুযোগ দেওয়ার কথা বলেছে। কিন্তু গা-জোয়ারি করে একটি গোষ্ঠী অনবরত অপর গোষ্ঠীকে কাজ করতে দিচ্ছে না।
যদিও এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নিশীথের বিরুদ্ধে সোনার দোকানে চুরির অভিযোগ, আদালতে আত্মসমর্পণ অমিত শাহের ডেপুটির