
শেষ আপডেট: 28 May 2022 14:14
দ্য ওয়াল ব্যুরো: পিরিয়ড। মেয়েদের জন্য মাসে একবার করে যেন যন্ত্রণা, অস্বস্তি আর বিরক্তির ফ্রি সাবস্ক্রিপশন। ঋতুস্রাবের রক্তে প্রতি মাসে রাঙা হতে হয় মেয়েদের। কেউ কেউ বলেন, এই রক্তই তাঁদের নারীত্বের অহংকার। কিন্তু ঋতুস্রাব নিয়ে আজও এদেশের কোণায় কোণায় ছড়িয়ে আছে নানা সংস্কার, সামাজিক ট্যাবু আর একরাশ অসচেতনতা। সেসব কাটাতেই আজ শনিবার মেনস্ট্রুয়াল হাইজিন ডে (Menstrual Hygiene Day) পালিত হল দক্ষিণ ২৪ পরগনার কাঙ্গনবেড়িয়া গ্রামে। সৌজন্যে সিনি কমিউনিটি ইনিসিয়েটিভ (CINI Community Initiative)।

আরও পড়ুন: ৮ বছরে এমন কিছু কাজ করিনি যাতে মানুষকে লজ্জা পেতে হয়, দাবি মোদীর
কঙ্গনবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সঙ্গে হাত মিলিয়ে সিনি কমিউনিটি ইনিসিয়েটিভ এই অনুষ্ঠানের আয়োজন করে। এখানে গ্রামের মেয়েদের ডাকা হয়েছিল (Menstrual Hygiene Day)। তাঁদের ঋতুস্রাব নিয়ে সচেতনার পাঠ দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের পঞ্চায়েত প্রধান আব্দুল হালিম শেখ। তিনিই অনুষ্ঠানের উদ্বোধন করেন। কঙ্গনবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সুপারভাইজর, আশাকর্মী সকলেই এসেছিলেন সিনি আয়োজিত ওই অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন ব্লক প্রাইমারি হেলথ সেন্টারের কাউন্সিলর অর্পিতা সরকার। একটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর তরফে নিয়ে আসা হয়েছিল প্রায় ২৫০ জন মহিলাকে। সিনি কমিউনিটি ইনিসিয়েটিভের তরফে অনুষ্ঠানে ছিলেন মানস প্রতিম সাহা এবং আরাত্রিকা সরকার দত্ত।

সিনি-র নিজস্ব স্যানিটারি ন্যাপকিনের নাম ‘বিশ্বাস’। সেই ‘বিশ্বাস’ এদিন বিনামূল্যে তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত মহিলাদের হাতে। সেইসঙ্গে স্যানিটারি ন্যাপকিনের খুঁটিনাটি বুঝিয়ে দেওয়া হয় তাঁদের (Menstrual Hygiene Day)। কীভাবে এই ন্যাপকিন ব্যবহার করতে হয়, তা ব্যবহার করা কতটা জরুরি সব মন দিয়ে শোনেন উপস্থিত মহিলারা। ঋতুস্রাব আসলে মেয়েদের খুব স্বাভাবিক একটি শারীরিক প্রক্রিয়া। এতে লজ্জা বা ভয়ের কোনও কারণ নেই। বরং মাসের ওই নির্দিষ্ট কটা দিন কীভাবে মেয়েদের শারীরিক অস্বস্তি দূর করা যায় সেই দিকে নজর দেওয়া উচিত, আজকের অনুষ্ঠানে মেয়েদের মধ্যে সেই সচেতনতাই প্রচার করা হয়েছে।
