
শেষ আপডেট: 25 July 2023 13:46
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: এক কলেজছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় দুজনকে ফাঁসির সাজা দিল মেদিনীপুর আদালতের (Medinipur court sentenced two people) ফার্স্টট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক। আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন তিনি।
২০২১ সালের ৩ মে ২১ বছর বয়সের এক কলেজছাত্রীকে গণধর্ষণ করার পর তাঁর অন্তর্বাসেই তাঁকে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। করোনা পরিস্থিতির সময় কলেজ বন্ধ থাকায় বাড়িতেই অনলাইনে পড়াশোনা করতেন ওই ছাত্রী। সেই সময়েই ওই ঘটনা ঘটে। ওই ছাত্রীর বাবা কৃষক। মা আশাকর্মী। মেয়েকে হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছেন তাঁরা। এদিনের রায়ের পর তাঁরা বলেন, “মেয়েকে হারানোর ক্ষত সারবে না কোনওদিন। তবুও দোষীরা সাজা পেল, এটা দেখে ভাল লাগছে।”
সিংভুমের বাসিন্দা ছোটু মুন্ডা, পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা বিকাশ মুর্মুকে ফাঁসির সাজা দেন তিনি। যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয় পিংলার তেমাথানির বাসিন্দা তপতী পাত্রকে।

সরকার পক্ষের আইনজীবী দেবাশিস মাইতি বলেন, “২০২১ সালের পিংলা থানার ঘটনায় ২৭ জন সাক্ষ্য দেন। ওই ঘটনায় দুজনের ফাঁসির নির্দেশ ছাড়াও এক মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।”
আরও পড়ুন: শহিদ দিবস থেকে ফেরার সময় খড়্গপুরে উল্টে গেল বাস, মৃত্যু ১ জনের! আহত বহু