দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল কেষ্টপুরে। রাত ২টো নাগাদ ভিআইপি রোডের ধারে কেষ্টপুরের শতরূপা পল্লীতে অস্থায়ী কাঠের আসবাবের দোকানে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে আশপাশের খাবারের দোকান-সহ অন্যান্য দোকানে। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সিলিন্ডার ফেটে জখম হন ২ দমকল কর্মী-সহ ৭ জন।
দমকলের ১৫টি ইঞ্জিন ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে যায় ৩১টি অস্থায়ী দোকান। রাতে ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। স্থানীয় বাসিন্দারা দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তুলেছেন। যদিও মন্ত্রীর দাবি, এতগুলো ইঞ্জিন জোগাড় করতে সময় লেগেছে, দমকল কর্মীদের তত্পরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।
ওই ঝুপড়িতে ছিল একাধিক খাবারের দোকান, সাইকেলের গ্যারাজ। এ ছাড়া বেশ কয়েকটি ঝুপড়িতে ছিল মানুষের বাস। রাত ২টোর পর আচমকা বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। কোনও একটি খাবারের দোকানে সিলিন্ডার ফেটেই ওই শব্দ শোনা গিয়েছে বলে দাবি বাসিন্দাদের। এরপরই গোটা ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়তে থাকে। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন বাসিন্দারা। প্রথমে দমকলের ৬ টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। পরে একে একে মোট ১৫টি ইঞ্জিন পাঠানো হয় আগুন নিয়ন্ত্রণে আনতে। পাঠানো হয় রোবটও।