দ্য ওয়াল ব্যুরো, মালদা: আগামী ৫ই সেপ্টেম্বর থেকে মালদা জেলার সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান পূর্ণদিবস খোলা রাখা হবে। বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর এই সিদ্ধান্তের কথা মাইকে ঘোষণা করে জানালেন মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স। এরপর থেকে সরকারিভাবে ঘোষিত লকডাউনের দিনগুলি বাদে অন্যান্য দিন আগের মতো স্বাভাবিকভাবেই খোলা থাকবে বাজার ও দোকানপাট। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারও বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্তে মাইকে ঘোষণা করা শুরু হয় জেলা বণিকসভার পক্ষ থেকে। করোনা মোকাবিলায় টানা কয়েক মাস ধরে সারা ভারতের সঙ্গে মালদা জেলাতেও চলছে লকডাউন পরিস্থিতি। বর্তমানে আনলক-৪ এ এসে প্রশাসনের পক্ষ থেকে কিছুটা শিথিল করা হয়েছিল লকডাউন। প্রশাসনের পক্ষ থেকে দোকানপাট খোলার নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। এরই পরবর্তী পদক্ষেপ হিসাবে পূর্ণদিবস বাজার ও দোকান খোলার সিদ্ধান্ত, এমনটাই মনে করছেন এলাকাবাসীরা।
টানা ছমাস লকডাউনের ফলে ইতিমধ্যেই ক্ষতির মুখে পড়েছেন এলাকার বিভিন্ন ব্যবসায়ীরা। এই বিষয়টি নিয়ে জেলা বণিকসভা এবং জেলা প্রশাসনের মধ্যে একাধিক বৈঠক হয়। বৈঠকে প্রশাসনের মতামত নিয়ে তারপরই আগামী ৫ সেপ্টেম্বর থেকে সমস্ত বাজার এবং দোকানপাট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এদিন জেলা বণিকসভার তরফে জানানো হয়।
মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু জানান, জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার পর আগামী ৫ সেপ্টেম্বর থেকে সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বাজার-হাট পূর্ণদিবস খোলা রাখার জন্য মাইকে ঘোষণা করা হয়। তিনি বলেন সরকারি লকডাউনের দিনগুলি অবশ্যই বন্ধ থাকবে দোকানপাট। অন্যান্য দিন বাজার হাট খোলা থাকবে। তবে করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে ক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্ব রক্ষা করা হবে। এর পাশাপাশি মাক্স এবং স্যানিটাইজারের ব্যবহারও বাধ্যতামূলক করা হবে বাজার এলাকায়। বৃহস্পতিবার দিনভর জেলার বিভিন্ন এলাকায় মাইকে ঘোষণা করে ব্যবসায়ী ও বিক্রেতাদের এই সিদ্ধান্তের কথা জানানো হয় জেলা বণিকসভার পক্ষ থেকে।