
শেষ আপডেট: 26 April 2022 07:02
দ্য ওয়াল ব্যুরো: এবার ফাঁড়ি আক্রমণের হুমকি দিয়ে মাওবাদী নামাঙ্কিত পোস্টার (Maoist Poster) বাঁকুড়ার খয়েরবনিতে। দুর্নীতিতে যুক্ত সরকারি কর্মী ও শাসক দলের নেতাদের হুমকি দিয়ে বাঁকুড়ার সারেঙ্গায় মঙ্গলবার সকালে মাওবাদী নামাঙ্কিত পোস্টার মিলেছিল। তারপরেই সরাসরি পুলিশ ফাঁড়ি আক্রমণের হুমকি দিয়ে মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার মিলল বাঁকুড়ার জঙ্গলমহলের (Jangal Mahal) রাইপুর থানার খয়েরবনি গ্রামে।
এদিন সকালে গ্রাম লাগোয়া রাস্তার ধারে সাদা কাগজে লাল কালিতে হাতে লেখা বেশ কিছু পোস্টার দেখতে পান স্থানীয়রা। পোস্টারে স্পষ্ট লেখা রয়েছে ফাঁড়িতে হামলা হবে। পুলিশ অবশ্য এই ধরনের পোস্টারের কথা স্বীকার করেনি। শাসক দলের নেতাদের দাবি এই ঘটনার সাথে মাওবাদী যোগ নেই। বিরোধীরা জঙ্গলমহলে আতঙ্ক ছড়াতে চক্রান্ত করে এই সব পোস্টার দিচ্ছে।
এদিন সকালেই বাঁকুড়ার সারেঙ্গায় লাল কালিতে লেখা পোস্টার নজরে আসে। সরকারি কর্মী ও শাসক দলের নেতাদের হুমকি দেওয়া এই পোস্টার উদ্ধারের পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার সারেঙ্গায়। সকালে সারেঙ্গা থানার ভুসুরডি গ্রামে একটি পুকুর লাগোয়া স্নানাগারের দেওয়ালে পোস্টারগুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
এই পোস্টারগুলি নজরে আসতেই গ্রামবাসীরা পুলিশে খবর দেয়। পরে সারেঙ্গা থানার পুলিশ পোস্টারগুলি উদ্ধার করে। সাদা কাগজের উপর লাল কালিতে হাতে লেখা পোস্টারগুলিতে দুর্নীতিতে যুক্ত সরকারি কর্মী ও শাসক দলের নেতাদের হুমকি দেওয়া হয়েছে। পোস্টারে কিষানজির মৃত্যুর বদলা নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।
কয়েকদিন আগেই বাঁকুড়ার বারিকুল থানা এলাকায় মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়। সেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে রবিবার বীরভূমের বোলপুর থেকে দুই যুবককে গ্রেফতার করেছিল বারিকুল থানার পুলিশ। সোমবার ওই দুই যুবককে খাতড়া মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। এই পরিস্থিতিতে বাঁকুড়ার জঙ্গলমহলে ফের মাওবাদী নামাঙ্কিত হুমকি পোস্টার মেলায় রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে জেলাজুড়ে।
হাঁসখালিকাণ্ডে অভিযুক্তের বাবা গ্রেফতার, সিবিআইয়ের জালে তৃণমূল নেতা সমরেন্দু