
শেষ আপডেট: 24 November 2022 16:33
দ্য ওয়াল ব্যুরো: আবেদন জানিয়েও কোনও লাভ হল না। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। এদিন বিচারক তাঁর জামিনের আর্জি খারিজ (Bail Reject) করে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বলে খবর।
উল্লেখ্য, এদিন আদালতে (Court) শুনানির শুরুতেই মানিক ভট্টাচার্যের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। বিচারকের উদ্দেশে তিনি বলেন, 'এই তদন্ত তো চলতেই থাকবে। ততদিন কি আমার মক্কেল জেল হেফাজতেই থাকবেন?' মানিক ভট্টাচার্য এরপর জানান, 'আমি কোথাও পালাব না। এখানেই থাকব। ইডির (ED) তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব।' তবে তাঁর আবেদনে সাড়া দেননি বিচারক।
এদিন আদালতে পাল্টা ইডি বলেছে যে, এখনও পর্যন্ত ৩০ কোটি টাকার দুর্নীতি সামনে এসেছে। এতে লাভবান হয়েছেন মানিক ভট্টাচার্য। উনি তদন্ত বহুদিন ধরে চলার কথা বলছেন। দেখা যাচ্ছে, শেষ ১০ বছরে ৫৮ হাজার শিক্ষক নিয়োগ হয়েছে। তাই তদন্ত শেষ করতে সময় তো লাগবে।
এর পাশাপাশি ইডির অভিযোগ, কলা মন্দিরে সমস্ত কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছিলেন মানিক ভট্টাচার্য। সেখানে সমস্ত বেসরকারি বিএড, ডিএলএড কলেজ কর্তৃপক্ষগুলিও ছিল। তাদের থেকে ৫০ হাজার টাকা নেওয়া হয়েছিল পরিকাঠামো উন্নয়নের নামে। সেখানে বাবার সঙ্গে থাকতেন ছেলেও। সেখানে ওঁর ছেলের সংস্থায় ৫০ হাজার টাকার চেক রয়েছে। এটা তো বেআইনি আয়ের টাকা।
প্রসঙ্গত, এর আগে গত ১০ নভেম্বরেও আদালতে জামিনের আবেদন করেছিলেন মানিক ভট্টাচার্য। সেসময় আদালত তা মঞ্জুর না করে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। বৃহস্পতিবার ১৪ দিনের হেফাজত শেষে আদালতে তাঁকে পেশ করা হয়েছিল। সেখানে আবারও মানিক ভট্টাচার্যকে জেল হেফাজতের নির্দেশ দিল আদালত।
মমতার সাফ নির্দেশ, বড়দিনের মধ্যেই ১১ লক্ষ ৩৬ হাজার বাড়ির অনুমোদন দিতে হবে