
শেষ আপডেট: 19 August 2023 11:11
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ইলিশ মাছ, কাতলা মাছের কালিয়া, বোয়াল মাছের ঝোল, পটল চিংড়ি আর পাবদা মাছের ঝাল। শনিবার এই পাঁচ পদে দেবী মনসার (Manasa Pujo) সামনে ভোগ সাজিয়ে দেওয়া হল বৈকন্ঠপুর রাজবাড়িতে (Baikunthapur Rajbari)।
প্রথা মেনেই মনসা পুজো উপলক্ষে চাঁদ সদাগরের ডিঙার আদলে পদ্ম পাতা দিয়ে ডিঙা বানিয়ে শুরু হয় বিষহরির পালা গান। গান চলে তিনদিন। শেষের দিন ডিঙা মাথায় নিয়ে আরতি করতে করতে মা মনসার বড় প্রতিমা বিসর্জন দেওয়া হয়। পূজোয় রাজ পরিবারের সদস্যরা উপস্থিত থাকেন। তাদের উপস্থিতিতেই হয় পুজো ও হোমযজ্ঞ।
রাজ পরিবারের পুরোহিত শিবু ঘোষাল জানান, তিনদিন ধরে রাজবাড়ির নাট মন্দিরে দেবী মনসার পুজো চলে। শনিবার পুজোর দ্বিতীয় দিন। একেক দিন একেক রকম ভোগ দেওয়া হয়। একদিন পোলাও, একদিন ভাত, একদিন খিচুড়ি। এর সাথে ৫ রকমের মাছ থাকবেই। মাছের মধ্যে ইলিশ,রুই,কাতলা,বোয়াল,পাবদা,শোল, চিংড়ি নিবেদন করা হয় দেবীকে। অন্তত ৫ রকম মাছ দেওয়া হয় প্রতিদিন। সাথে থাকে হাঁসের ডিমও। বলির পর পাঁঠার মাংসও দেওয়া হয় ভোগে। মনসাপুজো উপলক্ষে রাজবাড়ির প্রাঙ্গনে ৫ দিনের মেলাও বসে।
মন্দিরে আসা পিয়ালী রায়, হিমানী রায়রা জানান, দীর্ঘদিন ধরে এই পুজো চলে আসছে। পুজোর পাশাপাশি মেলা হয়। মনসা পুজোর কয়েকটা দিন তাঁরা এখানে খুব আনন্দ করেন।