
শেষ আপডেট: 18 April 2023 18:42
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গে (West Bengal) গরমের তীব্রতা বেড়েছে। রীতিমতো হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। কাঠফাটা রোদে কিছুক্ষণ দাঁড়ালেই চামড়া জ্বলে যাওয়ার মতো পরিস্থিতি হচ্ছে। এই অবস্থায় অদ্ভুত পরীক্ষা করলেন এক নেটিজেন। সূর্য (Sun) যখন একেবারে মাথার উপর, এমন সময় বাড়ির ছাদে ফ্রাইং প্যান রেখে ডিম (Egg) ভাজার চেষ্টা করলেন তিনি। যুবকের এমন গবেষণা এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।
পুরো ঘটনার ভিডিও করে তিনি পোস্ট করেছেন নিজের ফেসবুক পেজে। তাতে দেখা যাচ্ছে, সেই যুবক একটি ফ্রাইং প্যান নিয়ে ছাদের কার্নিশে রেখেছেন। কিছুক্ষণ রোদে রাখার পর স্বাভাবিকভাবেই সেটি বেশ গরম হয়ে যায়। এরপর তেল ছাড়াই তিনি প্যানের উপর ডিম ফাটিয়ে ভাজতে শুরু করেন। রোদের তাপে তেল ছাড়াই ধীরে ধীরে ফ্রাই হতে থাকে ডিমটি। এরপর নিজেই সেই ভাজা ডিম খেয়ে দেখেন, স্বাদ হয়েছে কিনা।

তবে ডিমটি যখন পাত্র থেকে তোলা হচ্ছিল, তাতে দেখা যায় যে, প্যানের গায়ে বেশ কিছুটা ডিম পুড়ে আটকে গিয়েছে। যা দেখে অনেকেই জানান, তেল দিলে হয়তো এমনটা হতো না। বরং আরও সুন্দর করেই ডিমটি ভাজা যেত। তবে যুবকের এমন কীর্তি দেখে অনেকেই তাঁকে সাধুবাদ জানিয়েছেন। ভিডিওটি শেয়ারও করেছেন বহু মানুষ। গ্যাসের বিকল্প হিসেবে কোনওভাবে সৌরশক্তি রান্নার কাজে লাগানো যায় কিনা, এমন প্রশ্নও উঠেছে।
ছোটবেলায় কমবেশি অনেকেই আতসকাচের মধ্যে দিয়ে রোদ ফেলে কাগজ পোড়ানো কিংবা চা পাতা জলে দিয়ে ছাদে রেখে চা বানিয়ে খেয়েছে। কিন্তু রোদের তাপে যে ডিমও ভাজা যায়, তা এই যুবক করে দেখিয়েছেন। খেতে ভাল হোক বা খারাপ, নিজের বাড়িতে এমন গবেষণা করে দেখতে ক্ষতি কী!