
শেষ আপডেট: 17 April 2023 09:06
দ্য ওয়াল ব্যুরো: স্টেশনে দাঁড়িয়ে ছিল মালগাড়ি (goods train)। তার গার্ডকে ছুরি দিয়ে ভয় দেখিয়ে ৩ ঘণ্টা আটকে রাখল এক ব্যক্তি। একটাই দাবি তার। ট্রেন নিয়ে যেতে হবে অসমে। সেই দাবিতেই মালগাড়ির গার্ডকে ঘরের ভিতর আটকে দরজা বন্ধ করে দিল ওই ব্যক্তি।
অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে রবিবার রাতে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর (Kharagpur) স্টেশনে। জানা গেছে, ওড়িশার ভদ্রক থেকে খড়গপুর হয়ে মেচেদা যাচ্ছিল একটি মালগাড়ি। কিন্তু কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য খড়্গপুরে ট্রেন দাঁড় করান গার্ড জনক সাহু। গার্ডরুমে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। মালগাড়িটি দাঁড়িয়ে ছিল তিন নম্বর প্ল্যাটফর্মে।
সেই সময় হঠাৎ করেই গার্ড রুমে ঢুকে পড়ে ফারুক মিয়া নামে এক ব্যক্তি। পকেট থেকে ছুরি বের করে জনক সাহুকে ভয় দেখাতে শুরু করে সে। বলে, গাড়ি ঘুরিয়ে নিয়ে যেতে হবে অসমে। এসবের মাঝেই জনক সাহুকে ঘরে আটকে রেখে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় ফারুক।
জানা গেছে, প্রায় ৩ ঘণ্টা সেখানেই আটকে ছিলেন গার্ড। এরপর যখন স্টেশনের জিআরপি রুটিন টহল দিতে আসে, তখন তাঁদের চোখে পড়ে পুরো ঘটনা। এরপর তাঁরাই ওই গার্ডকে উদ্ধার করেন।
ঘটনা ইতিমধ্যেই ফারুক মিয়াকে আটক করেছে খড়গপুর জিআরপি। জানা গেছে, তার বাড়ি জলপাইগুড়িতে। প্রাথমিক তদন্তে জিআরপির অনুমান, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তবে কীভাবে সে জলপাইগুড়ি থেকে খড়্গপুরে এসে পৌঁছাল তা এখনও জানা যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জীবন ঘুষখোর, আমার থেকেও ঘুষ চেয়েছিল, দাবি তাঁর বাবা বিশ্বনাথের