দ্য ওয়াল ব্যুরো: হুমকি, মারধর চলতই। ডিভোর্সও হয়ে গিয়েছিল মাস কয়েক আগে। তাও পিছু ছাড়ত না স্বামী। রাস্তাঘাটে, দোকানে-বাজারে যত্রতত্র হেনস্থা চলত। মঙ্গলবার দুপুরে টোটোর মধ্যে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।
ঘটনা বাদুড়িয়ার রুদ্রপুরের। অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায় মহিলার চিকিৎসা চলছে বসিরহাট জেলা হাসপাতালে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নিশ্চিন্তপুরের বাসিন্দা তুহিনা বিবির সঙ্গে মাস কয়েক আগেই বিচ্ছেদ হয়ে গিয়েছিল মোক্তার হুসেনের। তুহিনা বিবির অভিযোগ, বিচ্ছেদের পরে মোক্তার নতুন করে সংসার পাতে। তবুও তাঁর পিছু ছাড়েনি। রাস্তাঘাটে প্রায়ই হেনস্থা করা হত তাঁকে। মোক্তারের উগ্র মেজাজ ও মারধরের কারণেই বিচ্ছেদ হয়েছিল দু’জনের।
এ দিন বেলা ১১টা নাগাদ, আধার কার্ড করাতে তুহিনা বিবি যান বাদুড়িয়ার রুদ্রপুরে। বাড়ি ফেরার পথে শিমুলতলায় টোটো থামিয়ে স্ত্রীকে নেমে আসতে বলে মোক্তার। তিনি রাজি না হলে, টোটো উঠে এলোপাথাড়ি ভোজালি দিয়ে কোপাতে শুরু করে সে। রক্তে ভেসে যায় টোটো। মহিলার আর্তনাদে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। মোক্তারকে ধরে ফেলে শুরু হয় মার। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে।
পুলিশ জানিয়েছে, মোক্তারকে বেধড়ক মারকর করেছেন এলাকার বাসিন্দারা। তার অবস্থাও গুরুতর। স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে তার বিরুদ্ধে।