
শেষ আপডেট: 4 September 2022 16:02
দ্য ওয়াল ব্যুরো: রবিবার বিকালে হঠাৎই হাওড়া স্টেশন (Howrah Station) সংলগ্ন ১০০ ফুট উঁচু জল ট্যাঙ্কের (Water tank) মাথায় উঠে পড়লেন (Climbs) এক ব্যক্তি। ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন দমকল এবং পুলিস বাহিনী। জালও পাতা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁকে নামানো যায়নি বলেই জানা গেছে।
সূত্রের খবর, এদিন বিকাল ৫টা নাগাদ হঠাৎই স্টেশন সংলগ্ন বিশালকার জল ট্যাঙ্কের সিঁড়ি বেয়ে উপরে উঠে পড়েন ওই ব্যক্তি। তাঁকে উপর থেকে মুখ বাড়াতে দেখতে পান এলাকার লোকজন। তারপরেই হুলস্থুল পড়ে যায়। জানা গেছে, একবার করে নীচে উঁকি মেরে ভিতরে ঢুকে যাচ্ছিলেন তিনি। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় করতে থাকেন লোকজন। ঘটনাস্থলে আসে হাওড়া গোলাবাড়ি থানার পুলিশ। দমকল কর্মী এবং রেলওয়ে জিআরপি আধিকারিকরাও এসে পৌঁছান সেখানে।
শুরুতে ট্যাঙ্কের সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করেন উদ্ধারকারী দলের সদস্যরা। কিন্তু তাতে ওই ব্যক্তি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে আশঙ্কা করা হয়। এরপরে আলাদা করে মই লাগিয়ে উপরে ওঠার চেষ্টা শুরু হয়। জালও বিছিয়ে দেওয়া হয়। তিনি কে, কেনই বা ট্যাঙ্কের উপর উঠেছেন, তা এখনও জানা যায়নি। তবে পুলিশের অনুমান, তিনি মানসিক ভারসাম্যহীন। তাঁকে সুস্থভাবে নামিয়ে আনার পরেই সেসব তথ্য জানা যাবে বলে অনুমান করা হচ্ছে।
‘আমি কি ওঁকে ধর্ষণ করেছি?’ কংগ্রেস কর্মীকে হুমকি প্রসঙ্গে পাল্টা প্রশ্ন বিজেপি বিধায়কের