
শেষ আপডেট: 5 July 2022 05:44
দ্য ওয়াল ব্যুরো: মেরিন ড্রাইভের (Marine Drive) মজা নিতে পর্যটকদের আর যেতে হবে না আরব সাগরের পাড়ে মুম্বইতে। এবার এ রাজ্যেও উদ্বোধনের অপেক্ষায় মেরিন ড্রাইভ। কাঁথি থেকে মন্দারমণি হয়ে সটান দিঘাতে (Digha) পৌঁছে যাওয়া যাওয়া যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্পের সাহায্যে। তবে উদ্বোধনের আগেই মেরিন ড্রাইভে শুরু হল উৎপাত। মেরিন ড্রাইভ লাগোয়া রাস্তায় পর্যটকদের থেকে তোলা আদায় করার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে।
ধৃতের নাম নিতাই দাস। দিঘা মোহনা থানার ঘোরসাই এলাকায় তার বাড়ি। মেরিন ড্রাইভ এখনও পর্যন্ত চালু না হলেও পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা ভিড় করছেন সেখানে। সূত্রের খবর, গত বেশ কয়েকদিন ধরেই সৈকত লাগোয়া মেরিন ড্রাইভের রাস্তায় দাঁড়িয়ে কলকাতা এবং অন্য রাজ্যের পর্যটকদের গাড়ি আটকে রাজ্য সরকারের টোল ট্যাক্সের নাম করে তোলা আদায় করছিল কয়েকজন যুবক। দিঘা মোহনা থানায় এই বিষয়ে একাধিক অভিযোগ জমা পড়ার পর তৎপর হয় পুলিশ। সাদা পোশাকে অভিযান চালানো হয় ওই এলাকায়। তোলা আদায়ের সময় হাতে নাতে ধরা পড়ে নিতাই দাস। তবে তার দুই সঙ্গী পালিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
২০১৫ সালে তাঁর এই স্বপ্নের প্রকল্প 'সৈকত সরণি'র কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ৭০ কোটি টাকা বরাদ্দ করা হয় এই প্রকল্পের জন্য। প্রায় ৩০ কিলোমিটার ব্যাপী রাস্তা তৈরির কাজ শেষের পথে। আশা করা হচ্ছে, আগামী দিঘা সফরেই মেরিন ড্রাইভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এর ফলে ওই এলাকায় পর্যটন এবং বাণিজ্যের আরও উন্নতি হবে বলে মনে করা হচ্ছে।