
শেষ আপডেট: 21 July 2022 13:31
দ্য ওয়াল ব্যুরো: প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ (Divorce) সম্পন্ন হয়েছে আগেই। তারপরে আবারও প্রেমে পড়েছিলেন যুবক। ছাদনাতলা (Marriage) অবধি দিব্যি নির্বিঘ্নেই গড়িয়েছিল প্রেমের গাড়ি। কিন্তু গোলমাল বাঁধল তারপর। মধুচন্দ্রিমার সুখস্বপ্ন ভেস্তে তো গেলই, উল্টে ঠাইঁ হল শ্রীঘরে (Arrest)।
কিন্তু কেন? আসলে যুবকের দ্বিতীয় পক্ষের স্ত্রীর যে আইনত বিয়ের বয়সই হয়নি! নাবালিকাকে (Minor) বিয়ের অপরাধই আপাতত জেলে দিন কাটছে নতুন বরের। এগরার রাজেন্দ্রচকের সাতাশ বছর বয়সি ওই যুবকের সঙ্গে ছ’বছর আগে বিয়ে হয়েছিল পটাশপুর থানার সামন্তখণ্ড গ্রামের এক যুবতীর। বিয়ের বছর দুয়েক পর থেকেই শুরু হয় অশান্তি। শেষমেশ ডিভোর্স হয়ে যায় তাঁদের।
এদিকে যুবকের বন্ধুবান্ধব তাকে বোঝায়, দ্বিতীয়বার বিয়ে করতেই হলে বউ হওয়া উচিত বয়সে বেশ খানিকটা ছোট। তাহলেই স্বামীর কথা শুনে চলবে সে, অশান্তি থাকবে না সংসারে। সেই মতোই ওই যুবক আলাপ জমায় এগরা থানার খামারি গ্রামের ক্লাস এইটের এক ছাত্রীর সঙ্গে। ১৪ বছর বয়সি ওই নাবালিকার সঙ্গে দিন কয়েক প্রেম করার পর পালিয়ে বা নিয়ে করার সিদ্ধান্ত নেয় যুগলে। গত সোমবার মন্দিরে গিয়ে চুপচাপ বিয়ে সেরে ফেলে তারা।
কয়েকদিন আত্মীয়ের বাড়িতে থাকার পর নতুন বৌকে বাড়িতে আনবে বলে ঠিক করেছিল ওই যুবক। এদিকে পালিয়ে যাওয়া মেয়ের ব্যাপারে খোঁজ খবর করার পর বাড়ির লোক বিয়ের কথা জেনে যায়। মেয়ের নয়া ঠিকানা জানার আশায় ফাঁদ পাতেন তাঁরা। নবদম্পতিকে জানানো হয়, এই বিয়ে তাঁরা মেনে নিয়েছেন।
ফাঁদে পা দেয় নতুন বর-বউ। শ্বশুরবাড়িতে নিজেদের ঠিকানা জানিয়ে দেয় ওই যুবক। এরপরেই পুলিশ নিয়ে সটান সেখানে হাজির হন মেয়ের মা।
নতুন বরকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। নাবালিকা পড়ুয়াকে উদ্ধার করা হয়েছে।
মারা গেল বিশ্বের বৃদ্ধতম জায়ান্ট পান্ডা, অ্যান অ্যানকে হারিয়ে মন খারাপ হংকংয়ের