
শেষ আপডেট: 10 February 2023 06:40
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আরামবাগ-তারকেশ্বর রাস্তার উপর তৈরি হয়েছে একটি তোরণ। নাম দেওয়া হয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা স্বাগত তোরণ (Ramakrishna)। আর সেই তোরণ নিয়েই শুরু হয়েছে বিতর্ক। তোরণে শ্রী শ্রী রামকৃষ্ণের ছবি। ঠিক তার উপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। তা নজরে আসতেই তুমুল বিতর্ক আরামবাগে (Arambagh)। তৃণমূলের চেয়ারম্যান বললেন ভুল হয়েছে।
গেটওয়ে অফ আরামবাগ। আরামবাগের প্রবেশ দ্বারে পারুল এলাকায় আরামবাগ থেকে মায়াপুর গামী রাজ্য সড়কের উপর আরামবাগ পুরসভার নামাঙ্কিত এই তোরণটি তৈরি হয়। তোরণের মাথার উপর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ছবি আর তার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা হয়। এই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। বিষয়টি নজরে আসতেই হইচই শুরু করেন বিরোধীরা।
আরামবাগ পুরসভার (Municipality) বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ বাগ বলেন, “তৃণমুলের এটাই সংস্কৃতি। রামকৃষ্ণদেবের ছবির উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা হচ্ছে। এটা খুবই লজ্জাজনক। আমরা ধিক্কার জানাই। যারা করেছ তারা বোঝাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ই সব। ধর্ম সংস্কৃতি সংস্কার বলে একটা জিনিস আছে। এই ছবি না সরালে আন্দোলন হবে।”
তবে বিরোধীদের তোপের মুখে ভুল স্বীকার করলেন আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী। এ ব্যাপারে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটা যদি হয়ে থাকে তাহলে ভুল হয়েছে। বিষয়টা দেখে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”
ঝালদা পুরসভা: রাজ্যের আরও অস্বস্তি, জুন পর্যন্ত চেয়ারম্যান শীলা