‘লক্ষ্মীরতন ভাল ছেলে, পদত্যাগ করতেই পারে, আমি রাজ্যপালকে চিঠি দেব’: মমতা
দ্য ওয়াল ব্যুরো: দুয়ারে ভোট। ঠিক সেই সন্ধিক্ষণে সংক্রান্তির মধ্যেই যত অশান্তি যেন শুরু হয়েছে শাসক দলে।
মঙ্গলবার দুপুরে রটে যায়, রাজ্যে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্ল। এও জানা যায়, হ
শেষ আপডেট: 5 January 2021 10:19
দ্য ওয়াল ব্যুরো: দুয়ারে ভোট। ঠিক সেই সন্ধিক্ষণে সংক্রান্তির মধ্যেই যত অশান্তি যেন শুরু হয়েছে শাসক দলে।
মঙ্গলবার দুপুরে রটে যায়, রাজ্যে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্ল। এও জানা যায়, হাওড়া জেলা তৃণমূল সভাপতি ও দলের প্রাথমিক সদস্য পদও ছাড়তে চেয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার।
শেষমেশ বিভ্রান্তি কাটালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। তার পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “লক্ষ্মী ভাল ছেলে। পদত্যাগ করতেই পারে। ও একটা চিঠি দিয়েছে। তবে সেই চিঠিতে মন্ত্রিত্বের প্রসঙ্গ তোলেনি”। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “ও লিখেছে সব রকম রাজনৈতিক পদ থেকে সরে যেতে চায়। দায়িত্ব ছাড়তে চায়। তাই আমি রাজ্যপালকেও চিঠি পাঠাব।”

অনেকের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাতে স্পষ্ট ইঙ্গিত রয়েছে। তা হল, লক্ষ্মীরতন শুক্ল নিজে ইস্তফার কথা না লিখে মমতা বন্দ্যোপাধ্যায়কে মর্যাদা দিয়ে বোঝাতে চেয়েছেন, তিনিই বরং তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণ করে দিন। ফলে মন্ত্রিসভার দায়িত্ব থেকে লক্ষ্মীকে অব্যাহতি এ বার রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে সুপারিশ পাঠিয়ে দেবেন মুখ্যমন্ত্রী।
এমনিতেই লক্ষ্মীরতনের তৃণমূল ত্যাগের সম্ভাবনা নিয়ে আলোচনা ছিল রাজ্য রাজনীতিতে। দ্য ওয়ালের প্রতিবেদনে সে কথা লেখাও হয়েছিল। ফলে তিনি তৃণমূল ছাড়তেই এখন বড় প্রশ্ন হয়ে উঠে এসেছে, তবে কি বিজেপির লক্ষ্মী লাভ হবে?
এ ব্যাপারে লক্ষ্মীরতন শুক্ল কোনও জবাব এদিনই দেননি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “এর মধ্যে অন্য কিছু কারণ নেই। ও খেলার জগতের ছেলে, খেলায় ফিরে যেতে চেয়েছে। এটার মানে অন্য আপনারা করছেন।”