
শেষ আপডেট: 31 July 2023 09:58
দ্য ওয়াল ব্যুরো: মণিপুর ইস্যুতে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে বিধানসভায় নিন্দাপ্রস্তাব আনার কথা আগেই ঘোষণা করেছিল তাঁর সরকার। সোমবার বিধানসভার অধিবেশনে এই ইস্যুতে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলে তাঁর দাবি, বিদেশ যেতে পারেন প্রধানমন্ত্রী। গিফট নিতে পারেন। কিন্তু একবার মণিপুর যেতে পারেন না! সেই সঙ্গে মণিপুরের মানুষকে রাজ্যে আমন্ত্রণ জানিয়েছেন তিনি (Mamata invites Manipur people to Bengal)।
গত শনিবারই লোকসভার বিরোধী জোট 'ইন্ডিয়া'র ২০ সদস্যের একটি প্রতিনিধি দল মণিপুর সফরে গিয়েছিলেন (Manipur violence)। এই দলের মধ্যে ছিলেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, গৌরব গগৈ, তৃণমূলের সুস্মিতা দেব, ডিএমকের কানিমোঝি মনোজ, আরজেডির কুমার ঝা এবং জেডিইউ প্রধান রাজীব রঞ্জন সিং। শনি ও রবি দুদিন ধরে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা ছিল তাঁদের। এরপর রবিবার বিকেলে টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ইন্ডিয়া জোট সবসময় মণিপুরের মানুষের পাশে আছে। মণিপুরকে জ্বলতে দেখেও যে ক্ষমতাশালীরা মুখে কুলুপ এঁটে বসে রয়েছেন, তা নিয়ে কটাক্ষ করেন তিনি। (Mamata on Manipur)
এরপর সোমবার বিধানসভায় এই প্রসঙ্গে তিনি বলেন, 'আমি মনে করি মণিপুরের বিষয় নিয়ে স্টেটমেন্ট দেওয়া উচিৎ প্রধানমন্ত্রীর। মনে করলে আমাদের থেকে সাজেশন নিন। আমরা হেল্প করব।'
এরপরেই নরেন্দ্র মোদীর বিদেশ সফর নিয়ে আরও তীব্র আক্রমণ শানান তিনি। 'বিদেশ যেতে পারেন প্রধানমন্ত্রী। গিফট নিতে পারেন। কিন্তু একবার মণিপুর যেতে পারেন না। বিজেপি লজ্জা লজ্জা লজ্জা!'
'প্রধানমন্ত্রী যদি না পারেন, আমাদের দায়িত্ব দিন। মণিপুর একটি সেনসিটিভ ইস্যু। আপনারা যখন ফেল করেছেন, তখন মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকুন,' এদিন চাঁচাছোলা ভাষায় জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। 'আমি চিঠি লিখেছিলাম মণিপুর যাওয়ার জন্য। আমি চিঠি না লিখেও তো যেতে পারতাম, কারণ ভারতবর্ষের যে কোনও জায়গায় যাওয়ার অধিকার আমাদের আছে,' দাবি তাঁর।
মণিপুর নিয়ে সমস্ত দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মমতা। 'ওখানকার অগ্নিগর্ভ পরিস্থিতি শান্ত করে শান্তি ফিরিয়ে আনুন। ডবল ইঞ্জিনের সরকার মানুষকে বিপদের মুখে ফেলে দিয়েছে। তাদের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলুন, সব দলকেই আহ্বান জানাচ্ছি,' বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
যদিও নিন্দাপ্রস্তাব নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, এভাবে রাজ্য বিধানসভায় এই ধরনের প্রস্তাব আনা যায় না। এটা বেআইনি। তাঁরা এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টেও যাবেন বলে জানান শুভেন্দু অধিকারী।
তার জবাবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার রুল ২১০-এর উল্লেখ করে জানান, বিধানসভা মনে করলে এই ধরনের প্রস্তাব আনতেই পারে। 'আপনি অধ্যক্ষকে এই ভাবে হুমকি দিতে পারেন না। আপনাদের লোকসভার যাঁরা আছেন তাঁদের কাছ থেকে শিখে আসবেন কীভাবে অধ্যক্ষকে সম্মান জানাতে হয়। আপনি সুপ্রিম কোর্টে যেতেই পারেন, সেই অধিকার আপনার রয়েছে। সবারই সেই অধিকার রয়েছে,' জানিয়েছেন তিনি।
মণিপুরে কত মহিলাকে যৌন নির্যাতন? রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের