
শেষ আপডেট: 21 September 2023 14:22
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার নয়া সংসদ ভবনে পেশ হয়েছে মহিলা বিল। সেই বিলের প্রেক্ষিতে বিজেপির পঞ্চায়েতি রাজের সভায় নারী শক্তি জিন্দাবাদ স্লোগান দিতে গিয়ে উঠে এল মমতাদি জিন্দাবাদ স্লোগান (Mamata di Zindabad slogan at the meeting of Suvendu in Suri)!
মঞ্চে তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও হাজির ছিলেন বলে দলীয় সূত্রের খবর। ইতিমধ্যে ভাইরাল ওই ভিডিও (Mamata di Zindabad slogan at the meeting of Suvendu in Suri)। ভিডিওর সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি। তবে ওই ভিডিওকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বিজেপির অন্দরে। বিষয়টি ঘিরে চরম অস্বস্তিতে দলের জেলা নেতারা। মঙ্গলবারের ওই ঘটনাকে ঘিরে বুধবারও মুখে কুলুপ এঁটেছেন বিজেপির জেলা নেতৃত্ব।
বিষয়টি প্রকাশ্যে আসতে রীতিমতো কটাক্ষ ধেয়ে এসেছে ঘাসফুল শিবির থেকে। তৃণমূলের বীরভূমের জেলা নেতা মলয় মুখোপাধ্যায় বলেন, “বাংলার মেয়েদের অন্তরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি করলেও তাঁরা জানেন বাংলার ভাল কে চায়, মনে রাখবেন বিজেপির মহিলারাও লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়ে থাকেন। তাই মমতাদি জিন্দাবাদ কথাটা ওদের অন্তর থেকেই বেরিয়েছে!”
মঙ্গলবার সিউড়ির ইন্ডোর স্টেডিয়ামে পঞ্চায়েতি রাজ সম্মেলনের আয়োজন করেছিল বিজেপি। সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটের ত্রিস্তরে জয়ী দলীয় প্রার্থীদের সংবর্ধনা জানানো হয় ওই অনুষ্ঠান থেকে। জানা গিয়েছে, মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দলের রাজ্য নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় সংসদে মহিলা বিল পেশ প্রসঙ্গে মোদী সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
সূত্রের খবর, তখনই মঞ্চে থাকা দলের জেলা নেত্রী জনৈকা শ্রাবস্তী বন্দ্যোপাধ্যায় নারী শক্তি জিন্দাবাদ স্লোগান দিতে শুরু করেন। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে নারী শক্তি জিন্দাবাদ, ভারত মাতা জিন্দাবাদের পাশাপাশি তিনি মমতাদি জিন্দাবাদও বলে ফেলেন! আচমকা এমন স্লোগান ঘিরে রীতিমতো অস্বস্তির পরিবেশ তৈরি হয় অনুষ্ঠানে। যদিও এবিষয়ে শুভেন্দু বা জগন্নাথ কোনও মন্তব্য করতে চাননি। তবে দলের একাংশের দাবি, “স্লোগানে মমতাদি নয়, ভবতারিনী জিন্দাবাদ বলা হয়েছে!”
আরও পড়ুন: অফলাইন নয়, স্বচ্ছতা রাখতে রাজ্যের সমস্ত ডিএলএইড কলেজে অনলাইন ভর্তির সিদ্ধান্ত