
শেষ আপডেট: 15 February 2023 05:40
দ্য ওয়াল ব্যুরো: বুধবার বেলা ২’টায় বিধানসভায় ২০২৩-’২৪ আর্থিক বছরের বাজেট (WB State budget) পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই পর্ব মিটিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জেলায় ছুটবেন। এই দফায় পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় যাবেন মুখ্যমন্ত্রী।
তিন জেলাতেই মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকের পাশাপাশি সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে সাধারণ মানুষের কথা শুনবেন তিনি। এরই মাঝে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন নেত্রী।
মাস দেড়-দুই পর রাজ্যে পঞ্চায়েত ভোট। বছর ঘুরতে আছে লোকসভার নির্বাচন। দুই নির্বাচনের জন্যই জঙ্গলমহলের এই তিন জেলার গুরুত্ব অসীম। এই তালিকায় আছে নতুন জেলা ঝাড়গ্রামও। মুখ্যমন্ত্রীর এবারের সফরে ঝাড়গ্রাম নেই। তিনদিনের সফরে তিন জেলায় যাবেন মুখ্যমন্ত্রী।
জঙ্গলমহলের এই চার জেলাতে বিরোধী দল বিজেপির শক্তি তুলনামূলকভাবে বেশি। ২০১৮-র পঞ্চায়েত ভোটে তৃণমূল বহু আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেও লড়াই করে বিজেপি ৬০টির মতো গ্রাম পঞ্চায়েত দখল করে। সেগুলি বেশিরভাগই পুরুলিয়া এবং বাঁকুড়ার জনজাতি অধ্যুষিত এলাকায় অবস্থিত।
পরের বছর লোকসভা ভোটে বিজেপি এই এলাকার ছয়টি লোকসভা আসনের পাঁচটি দখল করে। রাজ্যে তারা মোট আসন পায় ১৮টি। লোকসভার ফলাফলে দেখা যায়, ওই এলাকায় ৪০টি বিধানসভা আসনের ৩১টিতে বিজেপি এগিয়ে আছে।
কিন্তু গেরুয়া শিবির সেই প্রভাব ধরে রাখতে পারেনি। ২০২১-এর বিধানসভা ভোটে ওই ৪০ বিধানসভার মধ্যে বিজেপি জেতে ১৬টিতে। পুরুলিয়া এবং বাঁকুড়ায় তাদের ফল তুলনামূলকভাবে ভাল হয়।
বিধানসভার ভোটে তৃণমূল বাজিমাৎ করার পিছনে যাদুকাঠি হিসাবে কাজ করেছিল দুয়ারে সরকারের মতো কর্মসূচি এবং খাদ্যসাথী, স্বাস্থ্যসাথীর মতো নিখরচার সুবিধা এবং জনজাতিদের ভাতা প্রদানের প্রকল্প। এক কথায় পরিষেবা নিশ্চিত করে জঙ্গলমহলের মন জয় করেছিল রাজ্যের শাসক দল। এবার পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রী সরাসরি ময়দানে নেমে পরিষেবা প্রদানে ফাঁকফোকড় ভরাট করে দিতে চান। পাশাপাশি সাংগঠনিকভাবে দলকেও চাঙা করতে চান মুখ্যমন্ত্রী।