.webp)
শেষ আপডেট: 10 March 2024 11:17
দ্য ওয়াল ব্যুরো: প্রথমবার ব্রিগেড থেকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এই খবর সবার আগে একমাত্র লিখেছিল দ্য ওয়াল। সেটাই সত্যি প্রমাণিত হতে চলেছে। রবিবাসরীয় ব্রিগেড ঐতিহাসিক হয়ে উঠতে চলেছে তৃণমূলের জন্য। কারণ, বাংলায় মোট ৪২টি আসনের জন্য প্রার্থীদের নাম এই মঞ্চ থেকে ঘোষণা করা হবে।
তবে রাজনৈতিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। সেই সভা ব্রিগেডে ছিল না। ৯৮ সালের লোকসভা ভোটের প্রার্থী তালিকা জনসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন মমতা। সেবার এনডিএ-র সঙ্গে জোট ছিল। মনীন্দ্র কলেজের সামনে জনসভা থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন দিদি।
এখন কৌতূহলের বিষয় হল, কে কোথায় কোন আসনে প্রার্থী হবেন, কারা বাদ যাবেন?
তৃণমূলের বর্তমান সাংসদদের মধ্যে একমাত্র নুসরত জাহান ও চৌধুরী মোহন জাটুয়া সম্ভবত প্রার্থী হবেন না। তালিকায় অন্তত ১৮ থেকে ১৯ জন মহিলা প্রার্থীর নাম থাকবে। সেই সঙ্গে থাকবে অন্তত ২০ থেকে ২৪ টি একেবারে নতুন মুখ।
তার মধ্যে দুটি মুখ কলকাতার বাইরের। একটি মুখ সম্ভবত কীর্তি আজাদ। দ্বিতীয় মুখটি এখনও রহস্যে মাখা ও ঢাকা। তবে সেই রহস্যের উন্মোচন হয়ে যাবে দুপুর ২টোর মধ্যেই।