
শেষ আপডেট: 26 May 2022 13:19
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার বিকেলে হঠাৎ ঝড় উঠেছিল শহরজুড়ে। সঙ্গে চারদিক কালো করে ঝেঁপে নামে বৃষ্টি। পড়ন্ত বিকেলে কাকভেজা হয়ে যায় কলকাতা। আবহাওয়ার সেই গতিবিধির কথা উঠে এল মুখমন্ত্রীর ভাষণেও (Mamata Banerjee)।
আরও পড়ুন: রেলব্রিজে প্লাস্টিক কুড়োচ্ছিলেন তিন মহিলা, আচমকা ট্রেন আসতেই নীচে মরণঝাঁপ নীচে! তার পর…
নবান্ন সভাঘরে এদিন কলকাতা পুলিশের পদক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই কথা প্রসঙ্গে এদিন তিনি জানান, আজকের ঝড়ে যেন গোটা নবান্ন কেঁপে উঠেছিল।
নবান্ন সভাঘরে উপস্থিত শ্রোতাদের উদ্দেশে তিনি বলেন, আজ আপনাদের এখানে মিটিং ছিল চারটে থেকে। আমি তো সাড়ে তিনটে থেকে বসে অপেক্ষা করছি উপরে। হঠাৎ এমন ঝড় এল, পুরো নবান্নটা মনে হল কাঁপছে। আমফানের সময় এমন দেখেছিলাম। নবান্নটা হিলছিল। আজও তেমন দেখলাম। সঙ্গে গোঁ গোঁ আওয়াজ হচ্ছিল। আমি (Mamata Banerjee) চিন্তা করছিলাম, সভাঘরে আপনারা যাঁরা বসে আছেন তাঁরা ঠিক আছেন কিনা।
আবহাওয়ার গতিবিধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী আরও বলেন, হঠাৎ হঠাৎ এমন প্রাকৃতিক দুর্যোগ চলে আসছে, আমরা ছোটবেলা থেকে অনেক ঝড়জল দেখেছি, এমন দেখিনি। গত দু’তিন বছরে সাংঘাতিক সব কাণ্ড হচ্ছে। কেদারনাথ বেড়াতে গিয়ে লোক মারা যাচ্ছে, বিশাখাপত্তনমের পথে গাড়ি উল্টে যাচ্ছে- এমন হুট করে কোনও বিপদ এলে সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে পাশে দাঁড়ায়।
এর আগে আমফানের পরও মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভয়াল অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে বলেছিলেন, ঝড়ের সময় হাওয়ার ধাক্কায় নবান্নটা যেন দুলছিল। বৃহস্পতিবারের ঝড় দেখেও একই কথা বললেন মুখ্যমন্ত্রী।