
শেষ আপডেট: 6 August 2018 15:08
দ্য ওয়াল ব্যুরো: এটিএম প্রতারণা নিয়ে এ বার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে মমতা বলেন, “যে দেশে এখনও অনেক জায়গায় ব্যাঙ্ক নেই সেখানে প্লাস্টিক অর্থনীতি কি চলে?”
শুরু হয়েছিল গোলপার্কের কানাড়া ব্যাঙ্কের এটিএমে। পরে তা ক্রমেই ছড়িয়ে পড়তে থাকে। প্রবীণ ত্রিপাঠী বলেন কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের এটিএমেও স্কিমার মিলেছে। এটিএম প্রতারণায় ইতিমধ্যেই দু’জন রোমানিয়ার যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবারও কসবায় একটি এটিএমে স্কিমারের হদিশ মিলেছে। আর এ নিয়েই উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এ দিন প্লাস্টিক অর্থনীতির অসুবিধে বলতে গিয়ে দেশের মানুষের সামগ্রিক চিত্রের কথা বলেন। মমতা বলেন, “ভারত হচ্ছে সাধারণ মানুষের দেশ। অধিকাংশই সহজ, সরল, কৃষক,ক্ষেতমজুর। বেশিরভাগই অসংগঠিত ক্ষেত্রের।”
নোটবন্দীর সময় এই ডিজিটাল ব্যবস্থার বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। বিস্তারিত খতিয়ে দেখে তদন্তেরও দাবি জানান মমতা। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী কোনও পদক্ষেপ গ্রহণ করেছেন কিনা তা নিয়ে। সেই সঙ্গে জানিয়ে দেন, তৃণমূলের সাংসদদের তিনি নির্দেশ দিয়েছেন আগামীকালের লোকসভার অধিবেশনে বিষয়টি তুলতে।