
শেষ আপডেট: 7 September 2023 15:16
দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিধানসভায় ঘোষণা করেছেন, রাজ্যের সমস্ত বিধায়কের বেতন বাড়বে। বর্তমানে তাঁরা মূল বেতন হিসাবে মাত্র ১০ হাজার টাকা পান। তা বেড়ে ৫০ হাজার টাকা হবে। মন্ত্রীদেরও বেতন বাড়বে মাসে ৪০ হাজার টাকা করে। তবে হ্যাঁ, মুখ্যমন্ত্রীর বেতন বাড়বে না (Mamata Banerjee income)।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতেই কোনও বেতন নেন না। প্রতীকী ভাবে ১ টাকা বেতনও নেন না তিনি। তিনি সাতটি মেয়াদের সাংসদ ছিলেন। প্রাক্তন সাংসদ হিসাবে তাঁর পেনশন ও স্বাস্থ্য বিমা সহ বেশ কিছু আর্থিক সুবিধা পাওয়ার কথা, সে সবও মমতা নেন না (WB chief minister income)।
মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার বিভিন্ন অনুষ্ঠানে জানিয়েছেন যে তাঁর লেখা বই থেকে তিনি যে রয়্যালটি পান তা দিয়েই তাঁর চলে যায়। এর অতিরিক্ত তাঁর প্রয়োজনও পড়ে না। বরং দলের একাধিক অনুষ্ঠানে গিয়ে বিধায়ক-মন্ত্রীদের সংযত হতে বলেন তিনি। ব্যক্তিগত জীবনচর্চায় সাধারণ থাকার পরামর্শ দেন। তাঁর কথায়, এত টাকা করে কী হবে, সোনা খাবে, নাকি হিরে খাবে?
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ঘরোয়া আড্ডায় জানিয়েছেন, বইয়ের রয়্যালটি (Mamata Banerjee Book royalty) বাবদ প্রকাশকদের কাছ থেকে তিনি বছরে যে টাকা পেতেন, সেটাও এবার কমে গেছে। ১০ লক্ষ টাকা কম পেয়েছেন তিনি। অর্থাৎ রোজগার এক ধাক্কায় অনেকটাই কমে গেছে তাঁর।
মমতা বন্দ্যোপাধ্যায় একপ্রকার যৌথ পরিবারে থাকেন। এমনিতে তাঁর জীবনযাত্রা খুবই সাধারণ। খাবার দাবারও তাই। ঘরোয়া সাধারণ রান্নাই তাঁর পছন্দের। বিশেষ করে নিরামিষ ঘরোয়া পদ তাঁর খুবই পছন্দের। তা ছাড়া পোশাক পরিচ্ছদও তাঁর সাদামাটা।
বইয়ের রয়্যালটি ছাড়াও আঁকা ছবি বিক্রি করেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু আয় হয়েছিল। মুখ্যমন্ত্রীর কথায়, সে সব টাকা আমি দান করে দিয়েছি। এখন তো আর ছবিও বিক্রি করা যাবে না। ওঁরা (পড়ুন কেন্দ্রীয় এজেন্সি) সব কিছু নিয়েই প্রশ্ন তুলবে। তাই ঠিক করেছি, ছবি বিলি করে দেব। কলকাতার গ্রেট ইস্টার্ন হোটেল কর্তৃপক্ষকে ৫০টি ছবি দান করার অঙ্গীকার করেছেন মুখ্যমন্ত্রী। তবে এর পরেও দেড়শটি ছবি থাকবে তাঁর কাছে।
পার্থ-মানিকের মাইনে বাড়ল, মাসে চল্লিশ হাজার টাকা, জেলে বসেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা?