
শেষ আপডেট: 9 March 2023 15:00
দ্য ওয়াল ব্যুরো: একটা সময়ে বাঙালি বাড়িতে এক তরকারি বলতে হতো ঝোল ঝোল আলুপোস্ত। পোস্তর বড়া, অন্যান্য পদও থাকত মেনুতে। কিন্তু এখন পোস্ত (Poppy) বড়লোকের খাবারে পরিণত হয়েছে। প্রায় ২০০০ টাকা কিলো। এবার সেই পোস্ত নিয়েই বিধানসভায় বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, “চারটে রাজ্যে পোস্ত চাষ হলে আমাদের কেন হবে না? কী বিরোধী বন্ধুরা, আপনারা কি পোস্ত খান না?” মমতা এদিন বলেন, বাংলায় পোস্ত চাষ করার অনুমতি নেই। তাই অন্য রাজ্য থেকে কিনতে হচ্ছে। ফলে বাংলার মানুষকে বেশি দামে পোস্ত খেতে হচ্ছে।
এরপরেই পোস্তর নানান পদের কথা শোনান মমতা। মুখ্যমন্ত্রী বলেন, 'পোস্তর অনেক রকম মেনু হয়৷ আলু পোস্ত, ঝিঙে পোস্ত, ডাঁটা পোস্ত। আমাদের বিধায়করা তো পোস্ত খান। আপনারা কি খান না?’ মমতা আরও বলেন, কিছু কিছু বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হয়। বাঙালির প্রিয় পোস্ত নিয়ে সেভাবেই কেন্দ্রের কাছে আর্জি জানানোর কথা বলেন মুখ্যমন্ত্রী।
পোস্ত কেনার সামর্থ এখন বহু নিম্ন মধ্যবিত্ত পরিবারের নেই। এ নিয়ে খেদও আছে মানুষের। মমতা এদিন বাঙালির খাদ্যাভাসের সঙ্গে জড়িয়ে থাকা পোস্ত নিয়ে নিশানা করেছেন কেন্দ্রের নীতিকেই। বোঝাতে চেয়েছেন, কেন্দ্র যদি বাংলায় পোস্ত চাষের অনুমতি দেয় তাহলে বাংলার মানুষ সস্তায় পোস্ত কিনে খেতে পারবে। ২০০০ টাকা কেজি পোস্ত কিনতে হবে না।
অনুব্রত দিল্লিতে, আসানসোল জেলে চাপমুক্ত কর্তৃপক্ষ, হতাশ সাধারণ বন্দিরা