
শেষ আপডেট: 24 April 2023 15:57
দ্য ওয়াল ব্যুরো: টুইটার অ্যাকাউন্টে ব্লু টিক (Blue Tick) নিয়ে তোলপাড় চলছে বিশ্বে। টুইটার মালিক ইলন মাস্কের ব্লু সাবস্ক্রিপশন নীতির বিরোধিতা নিয়ে সোচ্চার অনেকেই। রাতারাতি অ্যাকাউন্ট থেকে ব্লু টিক হারিয়েছেন বহু সেলিব্রেটি থেকে রাজনীতিবিদ। সেই তালিকায় ছিলেন বাংলার রাজনীতিকরাও। মমতা বন্দ্যোধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) থেকে শুরু করে সুজন চক্রবর্তী অনেকেই।
গত ২০ এপ্রিল রাত থেকেই টুইটারের এই নীলকমল হারিয়ে বসেন তারকারা। ইলন মাস্ক স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, মাসিক ৮ ডলার না দিলে পাওয়া যাবে না ভ্যারিফিকেশন মার্ক। অর্থাৎ অ্যাকাউন্টের পাশে থাকবে না ব্লু টিক।
এই নিয়ে শোরগোল পড়ে যায় দুনিয়ায়। কিন্তু দু'দিন ধরে দেখা যাচ্ছে টুইটারে অনেক সেলিব্রেটি, রাজনীতিবিদদের নামের পাশে নীল ব্যাজ ফিরে এসেছে! সেই তালিকায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরে পাননি ব্লু টিক। এদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমেরও অ্যাকাউন্টের পাশে নীলকমল নেই। এদিকে, বিজেপি শিবিরে শুভেন্দু অধিকারীর নামের পাশে ব্লু টিক থাকলেও সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষের নেই।

ব্যাপারটা কী? আসলে বেকায়দায় পড়ে নিজের নীতি একটু পাল্টে ফেলার সিদ্ধান্ত নেন মাস্ক। সংবাদমাধ্যম সূত্রে খবর, টুইটার এই ব্লু সাবস্ক্রিপশনের নিয়মে পরিবর্তন এনেছে। টাকা না দিলেও মিলবে ব্লু টিক। তবে তার জন্য সেই অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা ১০ লক্ষ থাকতে হবে।

ফলে রাতারাতি বাংলার মুখ্যমন্ত্রী ব্লু টিক ফিরে পেলেন। কিন্তু অভিষেক, সুকান্ত, দিলীপ, সুজনরা পাননি। কারণ মমতার ফলোয়ার সংখ্যা ৭০ লাখের বেশি। বাকিদের কারও ৬ লাখ, কারও ১ লাখের কম। অভিষেকের ফলোয়ার সংখ্যা ৬ লাখ ২৬ হাজারের কিছু বেশি। কিন্তু সেখানে শুভেন্দুর ফলোয়ার সংখ্যা ২ লাখ ১৮ হাজার! শুভেন্দুর থেকে অভিষেকের ফলোয়ার সংখ্যা ৪ লক্ষেরও বেশি। কিন্তু তারপরেও শুভেন্দুর নামের পাশে কীভাবে জ্বলজ্বল করছে নীলকমল?

পর্যবেক্ষকদের অনেকের মতেই, এই ক্ষেত্রে হতে পারে শুভেন্দু অধিকারী, প্রিমিয়াম মেম্বার হওয়ার জন্য টুইটারের নিয়ম মেনে গাঁটের পয়সা খরচ করছেন। অর্থাৎ বিরোধী দলনেতা মাসে ৮ ডলার দিচ্ছেন।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উচিত হয়নি সাক্ষাৎকারে ওই কথা বলা: বিকাশ