
শেষ আপডেট: 15 February 2023 09:23
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরেই বকেয়া মহার্ঘভাতার (DA) দাবিতে সরব সরকারি কর্মচারীদের সংগঠনগুলি। শেষপর্যন্ত রাজ্য বাজেট ঘোষণার দিনেই ৩ শতাংশ মহার্ঘভাতা তথা ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
কবে থেকে নতুন হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা?
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন অর্থবছরের শুরু অর্থাৎ ১ এপ্রিল থেকে নতুন হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তরা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার প্রাপ্য টাকা দিচ্ছে না। রাজ্যের টাকা দিয়েই সব করতে হচ্ছে। তারমধ্যেও এই মহার্ঘভাতা বাড়ানোর চেষ্টা করা হল। এরজন্য রাজ্য সরকারের প্রতিমাসে অতিরিক্ত খরচ হবে ১৬০ কোটি টাকা।
সরকারি কর্মচারীদের ৩৫টি সংগঠনের যৌথ মঞ্চ শহিদ মিনারে অবস্থান করছে। তাদের মূল দাবি বকেয়া ডিএ রাজ্য সরকারকে পরিশোধ করতে হবে। যদিও সেই বকেয়ার শতাংশ অনেকটাই। এখন এই ৩ শতাংশ মহার্ঘভাতা ঘোষণাকে সরকারি কর্মচারী সংগঠনগুলি কীভাবে নেয় সেটাই দেখার।
বাজেটে বড় ঘোষণা, 'ভবিষ্যৎ ক্রেডিট কার্ড'-এ ২ লক্ষ যুবক-যুবতীকে ঋণ দেবে সরকার