
শেষ আপডেট: 17 September 2023 18:09
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় লা লিগার (La Liga) অ্যাকাডেমি হবে যাদবপুর-সন্তোষপুরের কিশোরভারতী (Kishore Bharati) ক্রীড়াঙ্গনে। রবিবার স্পেনেই এই কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
তিনি একদিন আগেই রিয়ালের মাদ্রিদের হোম গ্রাউন্ড বার্নাব্যু স্টেডিয়ামে ঘুরে এসেছিলেন। ওই মাঠ দেখে কলকাতার যুবভারতীর প্রসঙ্গও টানেন। ওইসময় মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়সহ কলকাতার তিন প্রধানের কর্তারাও।
মমতার স্পেন সফরের প্রধান উদ্দেশ্য হল বাংলা ফুটবলের সার্বিক মান্নোয়ণন ও বিকাশ। আগে ভারতীয় ফুটবলের সাপ্লাইলাইন ছিল বাংলার ফুটবল। কিন্তু বর্তমানে ভারতীয় দলের প্রথম একাদশে বাংলার তারকা খুঁজতে দূরবীন লাগে, এমনই হতাশাজনক পরিস্থিতি। রাজ্য সরকার তাই লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে মউ চুক্তি স্বাক্ষরিত করেছে। বলা হয়েছে, লা লিগা কলকাতায় তাদের একটি অ্যাকাডেমির শাখা খুলবে। বিদেশ থেকে ট্রেনার এসে বাংলা ফুটবলের নবীনদের ফুটবলের পাঠ দেবে।
ওই মউ চুক্তি স্বাক্ষরিত হওয়ার দিন ছিলেন লা লিগা প্রেসিডেন্ট জেভিয়ার তেভেজ। তিনি সেইসময় কথা দিয়েছেন, কলকাতায় তারা একটি অ্যাকাডেমি খুলবেন। যদিও সেইসময় মুখ্যমন্ত্রী জানাতে পারেননি কলকাতার কোথায় হবে। তারপর কলকাতায় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলে ঠিক হয়, কিশোরভারতী ক্রীড়াঙ্গনে এই অ্যাকাডেমি খোলা হবে।
রাজ্য সরকারের উদ্যোগেই কিশোরভারতী স্টেডিয়ামকে নতুনভাবে সাজানো হয়েছে। মাঠের গ্যালারিও হয়েছে। ডুরান্ডে ইস্টবেঙ্গলের ম্যাচ হয়েছে। আরও নামী দল এখানে খেলে মাঠের প্রশংসা করেছে। এই মাঠ কলকাতার অন্যতম সেরা আকর্ষণও। ভাবা হয়েছিল, রবীন্দ্র সরোবর কিংবা কসবার গীতাঞ্জলী স্টেডিয়ামের কথা, কিন্তু শেষ ল্যাপে পছন্দের বিচারে বাজিমাত করেছে কিশোরভারতী।
সৌরভ গঙ্গোপাধ্যায় ধান্দাবাজ, শালবনীতে ঢপের চপ হবে: শুভেন্দু