
মমতা বন্দ্যোপাধ্যায়-উদয়ন গুহ
শেষ আপডেট: 2 January 2025 20:00
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: দিনহাটার বেশ কয়েকটি গ্রামে এসেছিল দিল্লি পুলিশ। এই গ্রামের পরিযায়ী শ্রমিক, যাঁরা দিল্লিতে রয়েছেন, তাদের ব্যাপারে খোঁজখবর নিতে। শুক্রবারের প্রশাসনিক বৈঠকে সেই কথাই মুখ্যমন্ত্রীর কানে তোলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন, দিনহাটায় জেলা পুলিশকে না জানিয়ে পরিযায়ী শ্রমিকদের বাড়ি বাড়ি হানা দিচ্ছে দিল্লি পুলিশ।
এই ঘটনা জানার পরেই বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন উদয়ন গুহ। এদিন প্রশাসনিক বৈঠকে সে কথাই তিনি কানে তোলেন মুখ্যমন্ত্রীর। তিনি মুখ্যমন্ত্রীকে জানান, গত কয়েকদিন ধরে দিনহাটার সীমান্তবর্তী এলাকায় পরিযায়ী শ্রমিক যাঁরা দিল্লিতে থাকেন তাঁদের বাড়ি বাড়ি গিয়ে পরিচয়পত্র দেখার নাম করে গ্রামবাসীদের হেনস্থা করে। স্থানীয় পুলিশকে সঙ্গে না নিয়েই বাড়ি বাড়ি যায় তাঁরা।
উদয়ন গুহর মুখে এই অভিযোগ শুনেই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। জেলাশাসক ও জেলার পুলিশসুপারের কাছে বিষয়টি জানতে চান। তিনি প্রশ্ন তোলেন, কী করে জেলা পুলিশকে না জানিয়ে জেলায় ঢুকে বাসিন্দাদের বাড়ি বাড়ি যাচ্ছে দিল্লি পুলিশ। এরপরেই ডিজি রাজীব কুমারের কাছে তিনি জানতে চান বিষয়টি তিনি জানেন কিনা। ডিজিকে না জানানোয় ভর্ৎসনা করেন জেলার পুলিশ সুপারের।
মুখ্যমন্ত্রী বলেন, "তোমরা বিএসএফকে খিচুড়ি খাওয়াচ্ছো, দিল্লি পুলিশকে বিরিয়ানি খাওয়াচ্ছো। আর রাজ্যটাকে রসাতলে পাঠাচ্ছো। এটা চলতে পারে না। ওখানে আইবি কে দেখে? এসপি? এভাবে এসপি হওয়া যায় না। আইনটা ভাল করে জানতে হয়। বাইরের পুলিশ এলে রাজ্যকে জানাতে হয়। রাজ্য অনুমতি দিলে স্থানীয় পুলিশকে জানিয়ে তবে অভিযান চালাতে হয়।"
দিন কয়েক আগেই দিনহাটার একাধিক গ্রামে পরিযায়ী শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের পরিচয় যাচাই করার অভিযোগ ওঠে দিল্লি পুলিশের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা জানান, চার সদস্যের একটি দল এসেছিল দিনহাটায়। প্রায় দেড়শো পরিবারের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। বাংলাদেশি কিনা খোঁজখবর নেয়। ঘটনা জানার পরেই বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন উদয়ন গুহ। এদিন প্রশাসনিক বৈঠকে সে কথাই তিনি জানান মুখ্যমন্ত্রীকে।