
শেষ আপডেট: 3 May 2023 07:29
দ্য ওয়াল ব্যুরো: রাজনীতিতে তালমিল একটা বড় ব্যাপার! সর্বভারতীয় স্তরে নরেন্দ্র মোদী ও অমিত শাহর জুটি যেমন! কিংবা অতীতে সনিয়া গান্ধী ও তাঁর রাজনৈতিক সচিব তথা সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ প্যাটেলের তালমিল যেমন ছিল।
মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন তেমনই একটা তালমিল রেখে চলছেন (Mamata Abhishek)। আকছার বাংলার রাজনীতিতে জল্পনা তৈরি হয় যে অভিষেকের পদক্ষেপ নিয়ে আপত্তি রয়েছে মমতার। কিংবা অভিষেকের অনুগামী মন্ত্রীদের বেছে বেছে বকুনি দিলেন মমতা। কিন্তু দিনের শেষে বারবারই প্রমাণিত হয় যে সেই ধারণা আঠারো আনা ভ্রান্ত।
সম্প্রতি মন্ত্রিসভার একটি বৈঠককে কেন্দ্র করে কেউ কেউ এই ধারণা ফের উস্কে দিতে চাইছিলেন। কিন্তু দেখা গেল, তাও ডাহা ভুল বেরোল। বৃহস্পতিবার মালদহ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় প্রশাসনিক বৈঠক করবেন তিনি। কিন্তু সেই সঙ্গে বৃহস্পতিবার মালদহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা অধিবেশনে সামিল হবেন দিদি।
অনেকের মতে এই পদক্ষেপ কৌশলগত। মালদহে বরাবরই তৃণমূলের জনভিত্তি দুর্বল (Malda TMC)। ২০১৬ সালের বিধানসভা ভোটে গোটা রাজ্যে তৃণমূল ২১১টি আসনে জিতলেও মালদহে একটি আসনও পায়নি। পরে ২০২১ সালের ভোটে শীতলকুচির ঘটনার প্রেক্ষিতে মালদহে সাফল্য পায় জোড়াফুল। কিন্তু পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, একুশের সেই ফলাফলকে অ্যাবসোলিউট ধরলে চলবে না। চব্বিশের লোকসভা ভোটে মালদহের দুই আসনেই জব্বর লড়াই দেবে কংগ্রেস।
সম্ভবত সেই প্রেক্ষাপটেই মালদহে অধিবেশনে মমতা ও অভিষেক একই মঞ্চে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। যাতে পঞ্চায়েত ভোট ও লোকসভা ভোটের আগে সংগঠনকে আরও মজবুত করা যায় এবং দলে গোষ্ঠী কোন্দলে রাশ টানা যায়। কেন না, মালদহে যে টুকু তৃণমূল রয়েছে, তার মধ্যেও বিবাদ লেগেই রয়েছে। জেলায় শাসক দলের মধ্যে একাধিক গোষ্ঠী। এবার সেই গোষ্ঠী কোন্দল বন্ধ করে সমষ্টিগত লড়াইয়ে নামানোর লক্ষ্যেই হাঁটতে চাইছেন অভিষেক।
রায়গঞ্জের ‘তৃণমূল’ বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে আয়কর-ইডির যৌথ হানা