
শেষ আপডেট: 15 October 2023 12:49
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: রাস্তার পাশে পড়ে এক মহিলার বিবস্ত্র দেহ। মুখে অ্যাসিডে ঝলসে যাওয়ার দাগ। মহিলার পাশে পড়ে রয়েছে কন্ডোম। ধর্ষণ করে খুন, তারপর প্রমাণ লোপাটের চেষ্টা? এমনই প্রশ্ন উঠছে।
ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা থানা এলাকায়। রবিবার সকালে ওই এলাকার একটি ধানখেতের পাশে মহিলার বিকৃত হয়ে যাওয়া দেহ পড়ে থাকতে দেখে আঁতকে ওঠেন স্থানীয়রা। দেখেন, মহিলার সারা গায়ে ক্ষতের চিহ্ন। মুখ পুরো পুড়ে গেছে। মুখ দেখে মহিলার পরিচয় জানা অসম্ভব ছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তারা এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাস্থল দেখে পুলিশের প্রাথমিক অনুমান, মহিলাকে প্রথমে ধর্ষণ করা হয়। তারপর তাঁর ওপর অ্যাসিড ছোড়া হয়। প্রমাণ লোপাট করার জন্যই এই কাণ্ড ঘটানো হয়েছে বলে পুলিশের অনুমান।
এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত রয়েছে তা এখনও জানা যায়নি। সেইসঙ্গে মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে। মৃত মহিলা এলাকার বাসিন্দা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের আরও সন্দেহ, খুন ও ধর্ষণের ঘটনা অন্য জায়গায় ঘটানো হয়েছে, তারপর দেহ ফেলে দেওয়া হয়েছে।