
শেষ আপডেট: 17 September 2023 11:41
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: এবার মালদহ থেকে একেবারে দিল্লিতে! আগরতলা থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস (Maldah Rajdhani Express) এবার ১০ মিনিটের জন্য মালদহ স্টেশনে থামবে। এমন ঘোষণায় খুশিতে আপ্লুত মালদহবাসী। রবিবার সকালে একটি সাংবাদিক বৈঠক একথা জানায় ভারতীয় রেলের মালদহ শাখার কর্তারা।
এই বিষয়ে মালদহ ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে জানান, আগামী বছর জানুয়ারি মাস থেকেই মালদহ টাউন স্টেশনে থামবে রাজধানী এক্সপ্রেস। ১৯ ঘণ্টা ৪০ মিনিটে, দিল্লি পৌঁছে যাবে এই ট্রেন। সাংসদ খগেন মুর্মু জানিয়েছেন, 'আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। বহুবার আমরা চিঠি লিখেছিলাম রেলমন্ত্রীর কাছে। অবশেষে আমাদের মালদহবাসীর সেই স্বপ্নপূরণ হল।‘

রেলযাত্রী উম্মেহ বেগম জানিয়েছেন, ‘মাত্র ২০ ঘণ্টার কম সময়ে একেবারে দিল্লি চলে যাওয়া যাবে। এটা আমাদের জন্য খুবই সুবিধে হল।‘ আরও এক যাত্রী বৈশাখী সাহু জানিয়েছেন, ‘অনেকদিন ধরে আমরা জেলাবাসী এই দাবি রেখে আসছিলাম। এত দিনপর এই দাবি পুরণ হওয়ায় আমরা খুশি।‘
জানা গেছে, দুদিন আগে মালদহ রেল বোর্ড এই সিদ্ধান্তের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল। রেল সূত্রে জানা গেছে, আগরতলা-আনন্দবিহার তেজস রাজধানী এক্সপ্রেসটি অনেক দিন ধরেই মালদহ শহরের উপর দিয়ে যাতায়াত করত। বহু গুরুত্বপূর্ণ ট্রেন সেখানে থামলেও এই রাজধানী এক্সপ্রেস সেখানে থামত না। তাই মালদহ জংশনে ট্রেনটির স্টপেজ দেওয়ার দাবি ছিল অনেকদিনের।

সম্প্রতি মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ খগেন মুর্মু এই মর্মে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখেছিলেন। এরপরেই সেই দাবি মেনে নেয় রেল বোর্ড। তাছাড়া মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী ও তৃণমূলের রাজ্য সভার সাংসদ মৌসম নূর দাবি করেছেন, তাঁরা একাধিকবার এই বিষয়টি সংসদে তুলে ধরেছিলেন। রেল বোর্ডকে চিঠিও দিয়েছিলেন।
আরও পড়ুন: মুর্শিদাবাদে গঙ্গার ভাঙনে তলিয়ে গেল আস্ত দো'তলা বাড়ি, ‘প্রশাসন বালির বস্তা ফেলেই খালাস'