
শেষ আপডেট: 6 September 2023 14:44
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: নদীতে স্নান করতে গেছিল দুই বন্ধু। একই সঙ্গে জলে ডুবে মৃত্যু (Drown) হল তাদের। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ মালদহের (Malda) হবিবপুর থানার বুলবুলচণ্ডী এলাকা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার দুপুরে তিনজন কিশোর টাঙন নদীতে স্নান করতে নেমেছিল। ঘাটের কাছে স্নান সারছিল তারা। হঠাৎই স্রোতের টানে নদীর গভীরে চলে যায়। কিশোরদের চিৎকারে ঘাটে থাকা কয়েকজন তাদের বাঁচাতে এগিয়ে যায়। কোনওরকমে এক কিশোরকে বাঁচিয়ে ঘাটে টেনে নিয়ে আসলেও বাকি দুজন ডুবে যায়। পরে দুজনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। সেই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই দুই কিশোর বুলবুলচণ্ডী অঞ্চলের বাসিন্দা, দুজনেই বুলবুলচণ্ডী হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। মৃতদের নাম সন্দীপ গুপ্ত (১৬), ক্রিস সাহা (১৬)।
মৃত দুই কিশোরের দেহ বুলবুলচণ্ডী হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।
আরও পড়ুন: ২০ ঘণ্টা পর বন্দুকবাজদের পিস্তল উদ্ধার করল বাঁকুড়া পুলিশ, জঙ্গলের ছেলে এখনও নিখোঁজ