
শেষ আপডেট: 12 May 2023 08:56
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মন কি বাত' (Mann ki Baat) সম্প্রচারে না থাকার জন্য চণ্ডীগড় পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ' বা 'পিজিআইএমইআর'-এর ৩৬ জন নার্সিং পড়ুয়াকে শাস্তির মুখে পড়তে হয়েছে। এই নিয়ে চরম বিতর্ক শুরু হয়েছে শিক্ষামহলে। এবার বিষয়টি নিয়ে 'মন কি বাত'-কে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)।

গত ৩০ এপ্রিল সকাল এগারোটায় এই বেতার অনুষ্ঠানের ১০০-তম সংস্করণ সারা দেশে 'লাইভ' সম্প্রচারিত হয়। অন্য অনেক কিছুর মতই প্রধানমন্ত্রীর এই সম্প্রচারকে ঘিরেও সরকারিভাবে ও শাসক দল বিজেপির তরফে তুমুল প্রচার করা হয়েছিল। দেশের অন্যতম শীর্ষ ডাক্তারি বিশ্ববিদ্যালয় পিজিআইএমইআরেও এই নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তার আগে প্রতিষ্ঠানের মহানির্দেশকের তরফে রীতিমত নির্দেশিকা দেওয়া হয় যে, প্রতিটি প্রথম ও তৃতীয় বর্ষের পড়ুয়ার জন্য এই অনুষ্ঠানের সম্প্রচারে হাজির থাকা বাধ্যতামূলক। না থাকলে তাদের হস্টেলের 'বাইরে যাওয়া' নিষিদ্ধ করা হতে পারে। রাতে এবং সকালে আরেক দফা মনে করানোর পালাও চলে। তারপরেও ৩৬ জন নার্সিং ছাত্রী সেদিনের অনুষ্ঠানে হাজির থাকতে পারেনি।
মোদীর ‘মন কি বাত’ না শোনায় ৩৬ নার্সিং ছাত্রীকে শাস্তি, শোরগোল
এতেই কর্তৃপক্ষের রোষানলে পড়েছেন ওই পড়ুয়ারা। গত ৩ মে প্রতিষ্ঠানের নার্সিং শিক্ষণ বিভাগের প্রিন্সিপল ডাঃ সুখপাল কৌরের তরফে এক চিঠিতে জানানো হয়, ২৮ জন তৃতীয় বর্ষের এবং ৮ জন প্রথম বর্ষের ছাত্রী এই সম্প্রচারে থাকতে পারেনি, ফলে নির্দেশ অমান্যের কারণে তাঁদের এক সপ্তাহের জন্য 'বাইরে যাওয়া' বারণ করা হল।
ইতিমধ্যেই বিষয়টি জানাজানি হতে নানা মহলে সরব হয়েছেন শিক্ষাবিদদের একাংশ। এবার প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় শাসক দল বিজেপিকে কার্যত শ্লেষের সঙ্গে এক হাত নিয়েছেন মহুয়া। উচ্চারণের ভিত্তিতে 'মন কি বাত' শব্দটিকে 'মাঙ্কি বাত' বা 'বাঁদুরে ভাষণ' বলে উল্লেখ করে তিনি ট্যুইট করেছেন, তিনি আজ অবধি একবারের জন্যও 'monkey baat' শোনেননি। এবার কি তাঁরও বাড়ি থেকে বেরনোতে নিষেধাজ্ঞা জারি হবে? বিষয়টি নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন বলেও ট্যুইটে উল্লেখ করেছেন তিনি।
বিশ্ববিদ্যালয়ে এবার থাকবেন ‘কলাগুরু’, ধ্রুপদী নাচ, কমেডি থেকে রক গান, আনন্দমুখর হবে শিক্ষাঙ্গন