
শেষ আপডেট: 16 June 2022 12:11
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের এসএসসি কেলেঙ্কারির (SSC Scam) তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারপর থেকেই তৎপর কেন্দ্রীয় এজেন্সি (CBI)। এই তদন্তের সূত্রেই বৃহস্পতিবার সকালে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে গিয়েছিল তারা। এবার সিবিআই সোজা পৌঁছে গেল পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের (Kalyanmoy Ganguly) বাড়িতে। তাঁকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হল পর্ষদের অফিসে।
ওদিকে এসএসসি-র উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহার বাড়িতেও বৃহস্পতিবার হানা দিয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা। সাড়ে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে তাঁর বাড়িতে তল্লাশি চলছে। এসএসসি কেলেঙ্কারির তদন্তে যে কেন্দ্রীয় সংস্থা উঠে পড়ে লেগেছে তা বলাই বাহুল্য।
বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ মধ্যশিক্ষা পর্ষদের অফিসে হানা দেয় সিবিআই। তখনই ডাকা হয়েছিল কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও।
সূত্রের খবর, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আগে এসএসসি ঠিক করত কোন শিক্ষক কোন স্কুলে যাবেন। এখন এসএসসি প্যানেল তৈরি করে পর্ষদকে পাঠিয়ে দেয়, তার পরে পর্ষদ ঠিক করে সেটি। এই নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই কারণে পর্ষদ অফিসে গিয়েছে সিবিআইয়ের ৬ সদস্যের দল।
পর্ষদের অফিসে গিয়ে সকালে জোরদার তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। খতিয়ে দেখা হয় হার্ডডিস্ক, বিভিন্ন নথি।এসএসসি-র নিয়োগপদ্ধতি সম্পর্কে নানা তথ্য জানতে চেয়েই এই তল্লাশিতে গিয়েছিল সিবিআই। কারা নিয়োগ করেছে, কীভাবে করা হয়েছে, কোন পথে নিয়োগ– এই সমস্ত প্রশ্ন জানার চেষ্টা করছে সিবিআই।
কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে এদিন মধ্যশিক্ষা পর্ষদের অফিসে নিয়ে গেছে সিবিআই। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। সূত্রের খবর, একাধিকবার তাঁকে ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু পর্ষদ চেয়ারম্যান সাড়া দেননি। তাই বিকেলে সটান তাঁর বাড়িতেই পৌঁছে যান আধিকারিকরা। ডিরোজিও ভবনে পর্ষদের অফিসে নিয়ে আসা হয় তাঁকে।