
শেষ আপডেট: 26 February 2023 12:39
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: সামনে মাধ্যমিক। তবে সেদিকে খেয়াল ছিল না কিশোরের (Madhyamik examinee)। উল্টে বিয়ে (marry) করে নিয়েছে নিজের 'প্রেমিকা' (girlfriend) নবম শ্রেণির ছাত্রীকে। দিনকয়েক আগেই বিয়ে করে তাকে বাড়িতে এনেছিল। এর মাঝেই ঘটনার কথা জানাজানি হয়ে যেতেই শুক্রবার 'নবদম্পতি'কে তুলে নিয়ে গেল ঘাটাল (Ghatal) থানার পুলিশ।
জানা গেছে, ঘাটালের মোহনপুর গ্রামে বাড়ি ওই কিশোরের। শুক্রবার সন্ধেয় সেখান থেকেই দু’জনকে আটক করে থানায় আনা হয়। যেহেতু দু’জনেরই বয়স ১৮ বছরের নীচে, তাই শনিবার তাদের আদালতে তোলার পর আলাদা আলাদা হোমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। চাইল্ড লাইনের প্রতিনিধি প্রদীপ শাসমল বলেন, বর-কনে কারও বয়সই ১৮ পেরোয়নি। তাই আপাতত হোমেই থাকবে তারা।
গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। সব ঠিকঠাক থাকলে লছিপুর হাইস্কুল থেকে এবারই মাধ্যমিক দেওয়ার কথা ছিল ওই কিশোরের। কিন্তু বিয়ে আর নতুন সংসার নিয়ে টানাপোড়েনের জেরে জীবনের প্রথম বড় পরীক্ষায় বসা হয়নি তার। অন্যদিকে ওই কিশোরী এলাকারই মনশুকা হাইস্কুলের নবম শ্রেণির পড়ুয়া। আপাতত দু'জনেরই ভবিষ্যৎ অনিশ্চিত।
পাড়াপড়শিদের সূত্রে জানা গেছে, গত সপ্তাহে কিশোরীকে বিয়ে করে আনার পর থেকে জমিয়ে ‘সংসার’ করছিল দু'জন। কিন্তু এর মাঝেই খবর চলে যায় পুলিশে। শেষে শুক্রবার সন্ধেয় আচমকা কিশোরের বাড়িতে হানা দেয় পুলিশ এবং চাইল্ড লাইনের প্রতিনিধিরা। এরপর কথাবার্তা বলে দু'জনকে আটক করে থানায় নিয়ে আসে।
এই ঘটনায় মুখ খুলেছেন ছেলেটির বাবা। তিনি বলেন, "ছেলে নবম শ্রেণিতে পড়াকালীনই আমাদের দূর সম্পর্কের এক আত্মীয়ের মেয়ের সঙ্গে প্রেম হয়ে যায়। একদিন দু’জনে মান-অভিমান করে হাতে ব্লেড চালিয়ে দিয়েছিল। এতে আমরা সত্যিই ভয় পেয়ে যাই। পরে দুই পরিবারই দু’জনকে বোঝাই যে, এই সম্পর্ক তারা মেনে নেবে। কিন্তু ১৮ বছর বয়স না হলে বিয়ে দেওয়া যাবে না। কিন্তু কে শোনে কার কথা! দিন কয়েক আগে দেখি সেই মেয়েকে মাথায় সিঁদুর পরিয়ে বিয়ে করে এনেছে ছেলে। ওদের তাড়াতে তো পারি না। তাই ঘরেই রেখে দিয়েছিলাম।"
মেলা দেখে বাড়ি ফিরছিলেন আদিবাসী মহিলা, টানতে টানতে ইটভাটায় নিয়ে গেল ২ যুবক! তারপর…